নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, উল্টে গেল গাড়ি! ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় অভিনেত্রীর

জয়পুরের রাস্তায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন উঠতি মডেল তথা অভিনেত্রী হর্শিল কালিয়া। গতরাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে শিপ্রা রোডে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়িটি সজোরে একটি ডিভাইডারে ধাক্কা মারে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ধাক্কা মারার মুহূর্তেই গাড়িটি বাঁদিকে উল্টে যায়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে ৩০ বছর বয়সী এই অভিনেত্রীকে উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা জানান, মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়েছে। হর্শিল ‘ক্রাইম নেক্সট ডোর’ ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। এছাড়াও তিনি রাজস্থানি মিউজিক ভিডিও এবং সংবাদ সঞ্চালিকা হিসেবেও কাজ করেছেন। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার ও অনুগামীরা। পুলিশ খতিয়ে দেখছে যান্ত্রিক ত্রুটি নাকি গতির কারণেই এই দুর্ঘটনা।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানেও ঘটেছে এক ভয়াবহ বাস দুর্ঘটনা। বেনাচিতি-কৃষ্ণনগর রুটের একটি যাত্রীবোঝাই বাস ১৯ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে ধাক্কা মারে। এই ঘটনায় এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে।