ভবানীপুরে মোদী-ঝড়! শুভেন্দুর হয়ে মমতার গড়ে রোড-শো প্রধানমন্ত্রীর, দিনক্ষণ চূড়ান্ত?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় রণক্ষেত্র এখন ভবানীপুর। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী— এই হাইভোল্টেজ দ্বৈরথে এবার সরাসরি এন্ট্রি নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রের খবর, এপ্রিলের শেষ সপ্তাহে ভবানীপুরের মাটিতে মেগা রোড-শো করতে পারেন তিনি। শুভেন্দু অধিকারীর জয় নিশ্চিত করতে মমতার খাসতালুকে মোদীকে নামিয়ে মাস্টারস্ট্রোক দিতে চাইছে গেরুয়া শিবির।
শুভেন্দুর ‘পাখির চোখ’ ভবানীপুর গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে ইতিহাস গড়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার তাঁর লক্ষ্য ভবানীপুর। এই কেন্দ্রটি দখল করতে মরিয়া বিজেপি নেতৃত্ব। আর সেই লড়াইয়ে শান দিতেই দলের ‘অল-টাইম স্টার ক্যাম্পেনার’ নরেন্দ্র মোদীকে প্রচারে আনার পরিকল্পনা করা হয়েছে। আগামী ২৯ এপ্রিল কলকাতার বাকি কেন্দ্রগুলোর সঙ্গেই ভবানীপুরে ভোটগ্রহণ। তার ঠিক আগেই, অর্থাৎ ২৪ থেকে ২৭ এপ্রিলের মধ্যে যে কোনও একদিন মোদী ভবানীপুরে নির্বাচনী ঝড় তুলবেন।
কালীঘাটের অলিগলিতে মোদী-ম্যাজিক? রাজ্য বিজেপি নেতৃত্ব চাইছে, প্রধানমন্ত্রীর রোড-শো যেন কালীঘাট মন্দিরের সংলগ্ন এলাকা দিয়ে যায়। তবে সবটাই নির্ভর করছে এসপিজি (SPG) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের (PMO) সবুজ সংকেতের ওপর। নিরাপত্তা আধিকারিকরা রুট ম্যাপ খতিয়ে দেখার পরেই চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে। বিজেপি মনে করছে, মোদীর উপস্থিতি এই কেন্দ্রের ভোট সমীকরণ আমূল বদলে দিতে পারে।
মমতা বনাম শুভেন্দু: উত্তপ্ত রাজনীতি ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে জিতলেও, এবারের পরিস্থিতি ভিন্ন। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই কালীঘাট মন্দিরে পুজো দিয়ে জোরকদমে প্রচার শুরু করেছেন। অন্যদিকে, আজ অর্থাৎ রবিবার থেকেই কর্মিসভার মাধ্যমে পাল্টা প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সূত্রের দাবি, এবার কেবল পোস্টার বা ব্যানারে নয়, সশরীরে মোদীকে পাশে নিয়ে ভবানীপুরের ভোটারদের মন জয় করতে চান শুভেন্দু। ৪ মে ফল প্রকাশের দিন কার মুখে শেষ হাসি ফোটে, এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।