“মাথা কেটে নেওয়া হয়েছে শ্রীরামের!” নন্দীগ্রামে চরম উত্তেজনা, মমতাকে ‘জিহাদি’ তোপ শুভেন্দুর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখে চরম উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের হাই-ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। রাম নবমীর ঠিক আগে ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ‘ভোটব্যাঙ্ক’-এর রাজনীতিকে দায়ী করে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের ২ নম্বর ব্লকের ভেটুরিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। অভিযোগ, রাম নবমী উপলক্ষে সেখানে একটি শ্রীরামের মূর্তি তৈরির কাজ চলছিল। কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও, রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা মূর্তির মাথা কেটে নিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী দাবি করেন, “পশ্চিমবঙ্গে সনাতনীদের দেবদেবীর মূর্তি বা মন্দিরে হামলা এখন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মমতার তোষণ নীতি এবং প্রশাসনের নির্লজ্জ নিষ্ক্রিয়তার কারণেই এই সাহস পাচ্ছে জিহাদিরা।”
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে শুভেন্দু আরও বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে কিছু গুণ্ডা পুষছেন। সাধারণ মুসলিমরা আমাদের মিছিলে থাকেন, তাঁরা এই কাজ করেন না। কিন্তু সরকার-মদতপুষ্ট কিছু দুষ্কৃতী হিন্দু উৎসবের আগে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে।” এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা এলাকায় ব্যাপক বিক্ষোভ দেখান। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় ভোট। তার আগে নন্দীগ্রামে এই মূর্তি ভাঙচুরের ঘটনা সাম্প্রদায়িক ও রাজনৈতিক মেরুকরণকে আরও উস্কে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।