“সে একাই লড়বে, একাই জিতবে!” বঙ্গে ভোটের আগে মমতার জন্য অখিলেশের হুঙ্কার

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার সাথে সাথেই জাতীয় রাজনীতিতে উত্তাপ তুঙ্গে। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ। আর এই অগ্নিপরীক্ষার মুখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে দাপুটে বার্তা দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকেই বাংলা জুড়ে প্রচারের ঝড় উঠেছে। এর মধ্যেই অখিলেশ যাদব নিজের এক্স-হ্যান্ডলে মমতার একটি মিছিলের ছবি পোস্ট করে লেখেন, “সে একাই লড়বে, জিতবে এবং বিকশিত হবে!” অখিলেশের এই বার্তায় পরিষ্কার যে, ইন্ডিয়া জোটের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার শেষ কথা।
শুধু অখিলেশ নন, মমতার সমর্থনে গর্জে উঠেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও। নির্বাচন কমিশনের সাম্প্রতিক রদবদল নিয়ে সরব হয়ে কেজরিওয়াল বলেন, “বিজেপি নির্বাচন কমিশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। দিল্লিতে যা হয়েছিল, আজ বাংলায় তাই ঘটছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে, পুলিশকে ব্যবহার করে গুন্ডামিকে প্রশ্রয় দিচ্ছে বিজেপি। এই গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে আমরা দিদির পাশে আছি।” রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে জাতীয় স্তরের এই সমর্থন তৃণমূল শিবিরের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল।