বিধায়ক থেকে দেওয়াল—সবই বদলে গেল! কোতুলপুরে তৃণমূলের সাবেক অফিসে এবার পদ্ম শিবিরের দখল?

ভোটের মুখে বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা কেন্দ্র এখন রাজ্যের রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু। একদিকে ২০২১-এর নির্বাচনে জেতা বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার এখন তৃণমূলের তুরুপের তাস, অন্যদিকে গতবার যে বাড়িটি ছিল তৃণমূলের নির্বাচনী প্রধান কার্যালয়, সেখানে এবার পতপত করে উড়ছে বিজেপির পতাকা। প্রার্থী আর অফিসের এই ‘ক্রিস-ক্রস’ দলবদল নিয়ে সরগরম জঙ্গলমহল।
বিধায়কের ঘরবদল ও ঘাসফুলের টিকিট ২০২১ সালে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন হরকালী প্রতিহার। তবে ২০২৪-এর লোকসভা ভোটের আগেই তিনি পদ্ম ছেড়ে যোগ দেন ঘাসফুল শিবিরে। এবার তৃণমূল তাঁকেই কোতুলপুরের প্রার্থী করেছে। নিজের পুরনো দলের বিরুদ্ধেই এখন তাঁর লড়াই। তবে হরকালী একা নন, এবার কোতুলপুরবাসী দেখল ‘অফিস বদল’-এর এক বিরল দৃশ্য।
তৃণমূলের পুরনো ডেরায় গেরুয়া রং গত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা মালিক যে বাড়িটিকে নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করেছিলেন, এবার সেই বাড়িটিই ভাড়া নিয়েছে বিজেপি। বাড়ির দেওয়ালে পড়েছে গেরুয়া রঙের পোঁচ, টাঙানো হয়েছে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদারের ব্যানার। গতকাল ধুমধাম করে এই কার্যালয়ের উদ্বোধনও সেরে ফেলেছে বিজেপি নেতৃত্ব। এই নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক টিপ্পনি। তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহারের কটাক্ষ, “তৃণমূলের উচ্ছিষ্ট ব্যবহার করাই এখন বিজেপির দস্তুর।” পাল্টা গেরুয়া শিবিরের দাবি, বাড়িটি এক স্থানীয় বাসিন্দার; গতবার তৃণমূল ভাড়া নিয়েছিল, এবার তাঁরা নিয়েছেন। এতে রাজনীতির কিছু নেই।