‘সোনারপুরকে মডেল করাই স্বপ্ন!’ রূপা গঙ্গোপাধ্যায়কে পাত্তাই দিচ্ছেন না আত্মবিশ্বাসী লাভলি

ভোট ময়দানে এবার দুই অভিনেত্রীর সম্মুখ সমর! সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বাজি বিদায়ী বিধায়ক লাভলি মৈত্র। অন্যদিকে, বিজেপি সেখানে প্রার্থী করেছে বর্ষীয়ান অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে। দুই তারকার লড়াইয়ে পারদ চড়লেও, প্রতিপক্ষকে নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন লাভলি। শুক্রবার রাজপুরের এক মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেই তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর লক্ষ্য কেবল উন্নয়ন।
মডেল সোনারপুর গড়ার অঙ্গীকার: লাভলি মৈত্র এদিন সংবাদমাধ্যমকে জানান, তাঁর প্রধান লক্ষ্য সোনারপুর দক্ষিণকে রাজ্যের একটি ‘মডেল বিধানসভা’ হিসেবে গড়ে তোলা। গত কয়েক বছরে রাস্তাঘাট, পানীয় জল এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যে কাজগুলো বাকি থেকে গিয়েছে, জেতার পর সেগুলিকেই অগ্রাধিকার দেবেন তিনি। লাভলির কথায়, “মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। গতবার যে ভালোবাসা পেয়েছিলাম, এবার তার চেয়েও বেশি আশীর্বাদ পাব বলে আমি নিশ্চিত।”
রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে কী বললেন লাভলি? বিজেপি প্রার্থী হিসেবে রূপা গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়া সত্ত্বেও লাভলিকে বেশ আত্মবিশ্বাসী দেখাল। তিনি বলেন, “আমরা প্রতিপক্ষ কে এল, তা নিয়ে ভাবছি না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর মানুষের জন্য কাজ করেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সুফল মানুষ পাচ্ছেন। সেই উন্নয়নের জোয়ারেই বিরোধীরা খড়কুটোর মতো ভেসে যাবে।”
ঘরের মেয়ে বনাম বহিরাগত তকমা: প্রচারের শুরুতেই নিজেকে ‘ঘরের মেয়ে’ হিসেবে তুলে ধরেছেন লাভলি। ভোটারদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। কে বাংলাকে সুরক্ষিত রাখতে পারবে, তা মানুষ জানেন। আমি ঘরের মেয়ে, ঘরের মেয়ে যেন ঘরেই থাকতে পারে, তার জন্য সবার আশীর্বাদ চাই।” একদিকে রূপা গঙ্গোপাধ্যায়ের মতো হেভিওয়েট নাম, অন্যদিকে লাভলির মাঠ কামড়ে পড়ে থাকা লড়াই— সব মিলিয়ে চৈত্র সেলের বাজারে সোনারপুরের রাজনৈতিক তাপমাত্রাও এখন তুঙ্গে।