ভোটের আগে ফের বাংলায় কেন্দ্রীয় নজরদারি! প্রস্তুতি খতিয়ে দেখতে আজ কলকাতায় ডেপুটি নির্বাচন কমিশনার!

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বাংলার রাজনৈতিক পারদ তুঙ্গে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে দু-দিনের সফরে কলকাতা আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। সূত্রের খবর, আগামী ২৫ ও ২৬ মার্চ তাঁর এই সফরসূচি চূড়ান্ত হয়েছে। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটার তালিকা নিয়ে বিরোধীদের অভিযোগের মাঝেই কমিশনের এই উচ্চপর্যায়ের সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সফরের প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মোনাজ আগরওয়ালের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী। এরপর তিনি রাজ্যের সব জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP) এবং ডিজি-র সঙ্গে ম্যারাথন বৈঠক করবেন। বিশেষ করে ভোটার তালিকার দ্বিতীয় সংস্করণ বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ এবং স্পর্শকাতর বুথগুলিতে নিরাপত্তার আগাম পরিকল্পনা নিয়েই মূল আলোচনা হবে। জুডিশিয়াল অফিসারদের মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের কাজ কতটা এগিয়েছে, সেদিকেও কড়া নজর থাকবে কমিশনের।

অন্যদিকে, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তিন পাতার একটি কড়া চিঠি দিয়ে তিনি অভিযোগ করেছেন, কমিশন ‘পক্ষপাতদুষ্ট’ আচরণ করছে এবং ‘সাংবিধানিক শালীনতার সীমা লঙ্ঘন’ করেছে। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল নেত্রী। তাঁর দাবি, রাজ্যের বাস্তব পরিস্থিতিকে তোয়াক্কা না করেই একতরফা সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। এমনকি বিষয়টি নিয়ে রাজ্যকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। কমিশনের এই সফর এবং নবান্নের এই সংঘাত ভোটমুখী বাংলায় নতুন সমীকরণ তৈরি করছে।