গঙ্গায় স্নান করতে যাওয়াই কাল হল! ৩ বন্ধুর চোখের সামনেই তলিয়ে গেল নবম শ্রেণির ছাত্র!

শুক্রবার সকালে চুঁচুড়ার জোড়া ঘাটে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে নিখোঁজ হল ব্যান্ডেল বিদ্যামন্দির হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র মানিক দেবনাথ (১৪)। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গঙ্গায় আসা হঠাৎ বানের প্রবল স্রোতেই তলিয়ে গিয়েছে ওই কিশোর।

সূত্রের খবর, ব্যান্ডেলের নলডাঙা এলাকা থেকে তিন বন্ধু মিলে শুক্রবার সকালে চুঁচুড়ার জোড়া ঘাটে স্নান করতে এসেছিল। যখন এই দুর্ঘটনাটি ঘটে, তখন দুই বন্ধু গঙ্গার পাড়ে থাকলেও মানিক একটু গভীর জলে নেমেছিল। ঠিক সেই মুহূর্তেই গঙ্গায় প্রবল বান চলে আসে। জলের তোড় এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে মানিককে ভাসিয়ে নিয়ে যায়। নিজের চোখের সামনে বন্ধুকে তলিয়ে যেতে দেখে চিৎকার শুরু করে বাকি দুই বন্ধু।

তাদের আর্তনাদ শুনে ঘাটে উপস্থিত স্থানীয় দুই যুবক অমিত দাস ও তার সঙ্গী তৎক্ষণাৎ গঙ্গায় ঝাঁপ দেন। অমিত বাবু জানান, “আমরা ঘাটে বসেছিলাম, হঠাৎ চিৎকার শুনে দেখি একটি ছেলে বানের তোড়ে ভেসে যাচ্ছে। শুধু ওর মাথাটা দেখা যাচ্ছিল। আমরা উদ্ধারের চেষ্টা করেও বিফলে যাই।” খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্পিড বোট নামিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কিশোরের হদিস মেলেনি। পরিবারের একমাত্র ছেলের এমন ঘটনায় নলডাঙা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।