ভোটের মুখে নিউটাউনে উদ্ধার ২৫ লক্ষ টাকা! পুলিশের জালে রাজস্থানের ‘টাকা পাচারকারী’

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই কালো টাকার আনাগোনা রুখতে সক্রিয় হয়েছে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড টিম (FST)। শুক্রবার সকালে নিউটাউনের সিটি সেন্টার ২ এলাকায় রুটিন তল্লাশি চালানোর সময় একটি অ্যাপ ক্যাবের গতিবিধি দেখে সন্দেহ হয় আধিকারিকদের। গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশ অফিসারদের। গাড়ির ডিকিতে রাখা একটি ব্যাগের ভিতর থরে থরে সাজানো ছিল ২৫ লক্ষ নগদ টাকা।

পুলিশ সূত্রে খবর, ধৃত সুরেশ ঠাকুর রাজস্থানের বাসিন্দা। তিনি শিয়ালদহ থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই অ্যাপ ক্যাবটি বুক করেছিলেন। পরিবারের সঙ্গে থাকায় যাতে কেউ সন্দেহ না করে, সম্ভবত সেই কারণেই এই কৌশল নিয়েছিলেন তিনি। তবে টাকার উৎস বা গন্তব্য নিয়ে কোনও বৈধ নথিপত্র দেখাতে না পারায় সুরেশকে গ্রেফতার করা হয়। তাঁর স্ত্রী ও সন্তানকে ছেড়ে দিলেও টাকাটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি আগেও এই ধরনের বেআইনি লেনদেনে যুক্ত ছিলেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এই বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।