আইফোন থেকে স্যামসাং—সব নতুন মোবাইলে কি এবার আগে থেকেই থাকবে আধার অ্যাপ?

ভবিষ্যতে নতুন স্মার্টফোন কিনলে তাতে কি ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মতো আগে থেকেই আধার অ্যাপ (Aadhaar App) ইনস্টল করা থাকবে? কেন্দ্রীয় সরকারের একটি সাম্প্রতিক প্রস্তাব ঘিরে এমনই জল্পনা শুরু হয়েছে। সংবাদসংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলিকে নতুন হ্যান্ডসেটে আধার অ্যাপ ‘প্রি-ইনস্টল’ করার প্রস্তাব দিয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্তে কপালে চিন্তার ভাঁজ পড়েছে অ্যাপেল, স্যামসাং এবং গুগলের মতো টেক জায়ান্টদের।
আধার নিয়ন্ত্রণকারী সংস্থা ইউআইডিএআই (UIDAI)-এর যুক্তি, মোবাইলে অ্যাপটি আগে থেকে থাকলে সাধারণ মানুষের আধার সংক্রান্ত কাজ, যেমন—বায়োমেট্রিক লক করা বা তথ্য আপডেট করা অনেক সহজ হবে। কিন্তু প্রস্তুতকারক সংস্থাগুলির প্রতিনিধি সংগঠন এমএআইটি (MAIT) এই প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়েছে। তাদের দাবি, শুধুমাত্র ভারতের জন্য আলাদা প্রোডাকশন লাইন বা সফটওয়্যার তৈরি করতে গেলে উৎপাদন খরচ বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে মোবাইলের দামের ওপর।
সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ব্যবহারকারীর নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা (Privacy) নিয়ে। অ্যাপেল ও স্যামসাংয়ের মতো সংস্থাগুলি মনে করছে, সিস্টেমে আগে থেকে এই ধরনের অ্যাপ ঢুকিয়ে দেওয়া গ্রাহকের গোপনীয়তা লঙ্ঘনের শামিল হতে পারে। গত বছর ‘সঞ্চার সাথী’ অ্যাপ নিয়েও একই ধরনের বিতর্ক দানা বেঁধেছিল। সরকার ও মোবাইল সংস্থাগুলির এই দড়ি টানাটানিতে শেষ পর্যন্ত নতুন ফোনের দাম বাড়ে কি না, এখন সেটাই দেখার।