ভোটের মুখে বিপাকে শাসক-বিরোধী! জবরদখলের প্রতিবাদে ‘নোটা’র ডাক বাড়িওয়ালাদের

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এক নজিরবিহীন প্রতিবাদের পথে হাঁটল ক্যালকাটা হাউস ওনার্স অ্যাসোসিয়েশন বা বাড়িওয়ালা সমিতি। সম্পত্তি বেআইনিভাবে জবরদখল এবং রেন্ট কন্ট্রোলের জটিলতার প্রতিবাদে এবার নির্বাচনে ‘নোটা’ (NOTA)-তে ভোট দেওয়ার ডাক দিয়েছে এই সংগঠন। সংগঠনের সাধারণ সম্পাদক সুকুমার রক্ষিত স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র কলকাতাতেই তাঁদের ৫ হাজারের বেশি সদস্য রয়েছেন, যাঁদের প্রত্যেককে নোটাতে ভোট দেওয়ার আবেদন জানানো হবে। এই আন্দোলনের ঢেউ সারা বাংলাতেই ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।

বাড়িওয়ালাদের অভিযোগ, রাজ্যে বিধবা থেকে শুরু করে সাধারণ গৃহস্থের সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, অথচ পুলিশ প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এমনকি কোথাও কোথাও ২০ কোটি টাকার সম্পত্তি জবরদখল হয়ে থাকলেও মালিক এক পয়সাও পাচ্ছেন না। সুকুমারবাবুর দাবি, রেন্ট কন্ট্রোলে প্রায় ২৭০০ কোটি টাকা জমা পড়ে রয়েছে যা মালিকরা পাচ্ছেন না, অথচ তাঁদের পকেট থেকে নিয়মিত ট্যাক্স গুনে যেতে হচ্ছে। শুধু কলকাতাতেই প্রায় ৩৫ হাজার ভাড়াটিয়া মামলার দোহাই দিয়ে রেন্ট কন্ট্রোলে নামমাত্র ভাড়া জমা করেন, যা উদ্ধার করতে বাড়িওয়ালাদের ‘জুতোর সুখতলা’ ক্ষয়ে যাচ্ছে।

সবথেকে বড় ক্ষোভের জায়গা হলো ভাড়ার অঙ্ক। সংগঠনের দাবি, বহু পুরনো বাড়িতে আজও মাত্র ৩০ টাকা ভাড়া দেওয়া হয়, যা দিয়ে বর্তমান যুগে বাড়ির রক্ষণাবেক্ষণ করা অসম্ভব। প্রতিবাদ করলে ভাড়াটিয়ারা উল্টে পুলিশ বা পার্টি অফিসের ভয় দেখায় বলে অভিযোগ। এই ‘অমানুষিক অত্যাচার’ এবং প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধেই এবার ব্যালট বক্সে নিজেদের ক্ষোভ উগরে দিতে চাইছেন বাড়িওয়ালারা। নির্বাচনের মুখে এই ‘নোটা’র ডাক রাজনৈতিক দলগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।