চিন ছেড়ে ভারতের পথে রুশ তেলের জাহাজ! মাঝ সমুদ্রে ‘ইউ-টার্ন’ নিয়ে কেন মোদীর দেশের দিকে আসছে এক ডজন ট্যাঙ্কার?

বিশ্বজুড়ে ঘনীভূত হওয়া জ্বালানি সংকটের মাঝে ভারতের জন্য এল বড় স্বস্তির খবর। দক্ষিণ চিন সাগরের বুক চিরে চিনের দিকে এগিয়ে যাওয়া একাধিক রুশ তেলবাহী ট্যাঙ্কার হঠাৎই তাদের গতিপথ পরিবর্তন করে ভারতের দিকে রওনা দিয়েছে। জাহাজ-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ‘অ্যাকোয়া টাইটান’ (Aqua Titan) এবং ‘জুজু এন’ (Zouzou N.)-এর মতো অন্তত সাতটি বিশালকার ট্যাঙ্কার এখন ভারতের নিউ ম্যাঙ্গালোর ও সিক্কা বন্দরের দিকে দ্রুতগতিতে এগিয়ে আসছে।
এই নাটকীয় পরিবর্তনের নেপথ্যে রয়েছে আমেরিকার এক বিশেষ কূটনৈতিক ছাড়। ইরান যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় ভারতকে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে সাময়িকভাবে ৩০ দিনের বিশেষ ছাড় দিয়েছে ওয়াশিংটন। এই সুযোগ হাতছাড়া করেনি নয়াদিল্লি। গত এক সপ্তাহেই প্রায় ৩ কোটি (৩০ মিলিয়ন) ব্যারেল রুশ তেল কিনে নিয়েছে ভারতের তেল শোধনাগারগুলি।
বিশেষজ্ঞদের মতে, ইরান-ইজরায়েল সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম যেভাবে ব্যারেল প্রতি ১০৫ ডলার ছাড়িয়েছে, তাতে রাশিয়ার এই তেল ভারতের অর্থনীতিকে বড়সড় পতনের হাত থেকে রক্ষা করবে। ‘ভর্টেক্সা লিমিটেড’-এর তথ্য বলছে, এতদিন চিনই ছিল রাশিয়ার তেলের প্রধান ভরসা, কিন্তু ভারত পুনরায় সক্রিয় হওয়ায় এবং জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোও রুশ তেলের দিকে ঝুঁকতে শুরু করায় বিশ্ববাজারে তেলের লড়াই আরও তীব্র হতে চলেছে। আগামী ২১ থেকে ২৫ মার্চের মধ্যে ভারতের বন্দরে এই রুশ ‘ইউরালস’ ক্রুড অয়েলের চালান পৌঁছানোর কথা রয়েছে।