বামেদের বড় চমক! যাদবপুরে বিকাশরঞ্জন, কালীগঞ্জে তামান্নার মা— ১৯২ আসনের প্রার্থী তালিকায় একঝাঁক তরুণ মুখ!

২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই মাস্টারস্ট্রোক দিল বামফ্রন্ট। সোমবার আলিমুদ্দিন স্ট্রিটে এক হাইভোল্টেজ সাংবাদিক সম্মেলনে ১৯২টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বামেরা। এবারের তালিকায় অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যের মেলবন্ধন ঘটিয়ে চমক দিয়েছে আলিমুদ্দিন। যাদবপুরের হাই-প্রোফাইল আসনে প্রার্থী করা হয়েছে বর্ষীয়ান আইনজীবী ও সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। অন্যদিকে, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়ে কালীগঞ্জ আসনে প্রার্থী করা হয়েছে ‘তৃণমূলের বোমাবাজি’তে মৃত কিশোরী তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে।
এদিন প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্ট করে দেন যে, এবারের লড়াই মূলত বিজেপি ও তৃণমূলের ‘বিভাজন’ এবং ‘দুর্নীতির’ রাজনীতির বিরুদ্ধে। ঘোষিত ১৯২ জন প্রার্থীর মধ্যে ২৮ জন মহিলা এবং এক বিশাল অংশ জুড়ে রয়েছেন ছাত্র-যুব আন্দোলনের পরিচিত মুখেরা। তালিকায় মীনাক্ষী মুখোপাধ্যায় (উত্তরপাড়া), দীপ্সিতা ধর (দমদম উত্তর), কলতান দাশগুপ্ত (পানিহাটি), সায়ন বন্দ্যোপাধ্যায় (মহেশতলা) এবং সায়নদ্বীপ মুখোপাধ্যায়ের (বরাহনগর) মতো তরুণ নেতাদের উপস্থিতি বিশেষ নজর কেড়েছে।
বিমান বসু বলেন, “মানুষের দুঃখ-দুর্দশা বাড়িয়ে যে রাজনৈতিক কলাকৌশল চলছে, তার বিরুদ্ধেই আমাদের এই সংগ্রাম। ধর্ম ও জাতির ভিত্তিতে বিভাজনের চেষ্টার প্রতিবাদেই আমরা জনগণকে ঐক্যবদ্ধ করতে চাই।” রাজনৈতিক মহলের মতে, তামান্নার মাকে প্রার্থী করে শাসকদলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের’ ইস্যুকে আরও জোরালো করল বামেরা। পাশাপাশি, ছাত্র-যুবদের ঢালাও সুযোগ দিয়ে তরুণ প্রজন্মের ভোট টানাই এখন বামেদের প্রধান লক্ষ্য।