বিজেপির ১৪৪ জনের তালিকায় রাজকীয় এন্ট্রি! প্রাক্তন সরকারি কর্তা সুমিত্র চট্টোপাধ্যায় এবার তৃণমূলের প্রতিপক্ষ

বঙ্গ রাজনীতিতে এবার সাহিত্য ও ঐতিহ্যের ছোঁয়া। আসন্ন বিধানসভা নির্বাচনে নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে এক বিশেষ চমক দিল ভারতীয় জনতা পার্টি। সোমবার প্রকাশিত ১৪৪ জনের প্রথম দফার প্রার্থী তালিকায় দেখা গেল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের পঞ্চম প্রজন্মের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায়ের নাম। শ্রম দপ্তরের প্রাক্তন শীর্ষ পদাধিকারী সুমিত্র এবার পদ্ম শিবিরের হয়ে সরাসরি ভোটের লড়াইয়ে নামছেন।

আবেগ ও রাজনীতির মেলবন্ধন: কেন্দ্রীয় সরকার সম্প্রতি বঙ্কিমচন্দ্রের ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ সাড়ম্বরে পালন করেছে। ‘বন্দে মাতরম’ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক কড়া নির্দেশের আবহে বঙ্কিম-পরিবারের সদস্যকে প্রার্থী করা বিজেপির সুপরিকল্পিত কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুমিত্র চট্টোপাধ্যায়। যোগ দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই তাঁকে প্রার্থী করে বাঙালি আবেগকে উসকে দিল গেরুয়া ব্রিগেড।

প্রার্থী তালিকার অন্দরমহল: বিজেপির এদিনের ১৪৪ জনের তালিকায় যেমন গ্ল্যামার ও রাজনীতি রয়েছে, তেমনই রয়েছে তারুণ্যের জয়গান। ১১ জন মহিলা প্রার্থীর পাশাপাশি ৩৬ জন প্রার্থী রয়েছেন যাঁদের বয়স ৪০ বছরের নিচে। ৫৬ থেকে ৭০ বছর বয়সী প্রার্থীর সংখ্যা ৩২। শ্রম দপ্তরের প্রাক্তন উচ্চপদস্থ আধিকারিক হিসেবে সুমিত্র চট্টোপাধ্যায়ের প্রশাসনিক অভিজ্ঞতা ও পারিবারিক ঐতিহ্যকে হাতিয়ার করে নৈহাটির মাটি কামড়াতে চাইছে বিজেপি। এখন দেখার, বঙ্কিমচন্দ্রের জন্মভূমির মানুষ বঙ্কিম-বংশধরকে বিধানসভায় পাঠান কি না।