“গ্যাস বেলুন নয়, গ্যাস দিন!” মোদী সরকারকে তুলোধোনা মমতার, মহিলা মুখ্যসচিবকে সরানো নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী!

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও প্রশাসনিক রদবদলকে কেন্দ্র করে কেন্দ্রের মোদী সরকারকে তীব্র আক্রমণ শাণালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ের মঞ্চ থেকে তিনি হুঙ্কার দেন, “মানুষকে গ্যাস বেলুন নয়, আসল গ্যাস দিন। বিজেপি ব্রিগেড ভরানোর জন্য ক্যাশ (টাকা) খরচ না করে সেই টাকা দিয়ে ভর্তুকি দিক।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, দেশে গ্যাসের কোনো বাস্তব সংকট নেই; কেন্দ্র পরিকল্পিতভাবে সার্ভার বন্ধ করে এক ‘কৃত্রিম সংকট’ তৈরি করেছে যাতে মানুষ দুর্ভোগে পড়ে।
এদিন শুধুমাত্র গ্যাস নয়, নির্বাচন কমিশনের প্রশাসনিক রদবদল নিয়েও সরব হন মমতা। রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে সরানোর প্রসঙ্গে তিনি বলেন, “বিজেপি সরকার মহিলা বিরোধী এবং বাঙালি বিরোধী। একজন দক্ষ বাঙালি মহিলা অফিসারকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হলো। যারা বিজেপির কথায় চলবে না, সেই আমলাদেরই বেছে বেছে টার্গেট করা হচ্ছে।” রাত ১টার সময় এই বদলির নির্দেশ নিয়ে তিনি কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।
প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি নিশানা করে মমতা বলেন, “এত পাবলিসিটি না করে গ্যাসের দামটা ঠিক করতে পারতেন। উনি বলেন বাংলায় কাজ নেই, অথচ উত্তরপ্রদেশ-বিহারের মেধা নেই বলে এরাজ্য থেকেই লোক নিয়ে যান।” জনগণকে সতর্ক করে তিনি আরও বলেন, “বিজেপি ক্ষমতায় এলে মাছ, মাংস কিছুই খেতে দেবে না।” শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা করে তিনি সাফ জানান, টাকা দিলেও যেন কেউ বিজেপিকে ভোট না দেন। মমতার কথায়, “আগে বাংলা জিতব, তারপর দিল্লি বুঝে নেব।”