ভোটের মুখে ‘কৃত্রিম সংকট’? রান্নার গ্যাস নিয়ে বিস্ফোরক মমতা, গেরুয়া শিবিরের বিরুদ্ধে বড় চালের অভিযোগ!

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রান্নার গ্যাসের সংকট ও আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে রাজপথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলে পা মেলান মুখ্যমন্ত্রী। মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণিয়ে তিনি সাফ জানান, “মানুষকে গ্যাস বেলুন নয়, আসল গ্যাস দিন।” দেশজুড়ে গ্যাসের এই হাহাকারকে তিনি ২০১৬-র বিভীষিকাময় নোটবন্দির সময়ের সঙ্গে তুলনা করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আসন্ন নির্বাচনকে মাথায় রেখে কেন্দ্র পরিকল্পিতভাবে এক ‘কৃত্রিম সংকট’ তৈরি করেছে। তিনি বলেন, “আমি নিজে গ্যাস কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেছি। সরবরাহে কোনো ঘাটতি নেই, অথচ সার্ভার বন্ধ করে রাখা হয়েছে যাতে মানুষ বিপদে পড়ে। বিজেপি ব্রিগেড ভরানোর জন্য কোটি কোটি টাকা খরচ (ক্যাশ) করছে, অথচ সেই টাকা দিয়ে মানুষের গ্যাসের ভর্তুকি দিচ্ছে না।” রোজার মাসে হোটেলের উনুন জ্বলছে না কেন, তা নিয়েও সরব হন তিনি। কেন্দ্রকে কার্যত বয়কটের ডাক দিয়ে তিনি বলেন, “দেশটাকে কি মগের মুলুক পেয়েছেন? ক্যাশ দিয়ে লাভ নেই, সাধারণ মানুষকে গ্যাস দিন।”

বিকল্প হিসেবে রাজ্য সরকার কেরোসিনের কোটা বাড়িয়েছে বলে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি বিজেপিকে আক্রমণ করে বলেন, ৪ বছর ধরে বাংলার টাকা আটকে রেখেও রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলি থামানো যায়নি। মঞ্চ থেকে তাঁর স্পষ্ট বার্তা, “বাংলার নির্বাচনটা শান্তিপূর্ণভাবে মিটে যাক, তারপর দিল্লিটা আমরা বুঝে নেব। যতই হামলা করুন, জিতবে আবার বাংলাই।” ভোটের মুখে মমতার এই ‘গ্যাস-অস্ত্র’ রাজ্য রাজনীতিতে বিজেপিকে যথেষ্ট চাপে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।