বড় ব্রেকিং: সাংবাদিক থেকে সরাসরি বিধায়ক প্রার্থী! বিজেপির চমক সন্তু পান, লড়ছেন কোন হেভিওয়েট কেন্দ্রে?

সব জল্পনার অবসান। সংবাদ জগতের পরিচিত মুখ থেকে রাজনীতির আঙিনায় পা রাখা সন্তু পান এবার বিধানসভা নির্বাচনের ময়দানে। সোমবার বিজেপির ঘোষিত প্রথম দফার ১৪৪ জন প্রার্থীর তালিকায় অন্যতম বড় চমক হিসেবে উঠে এল তাঁর নাম। হুগলির ঐতিহ্যবাহী তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করবেন এই প্রাক্তন তরুণ সাংবাদিক।

সন্তু পানের এই রাজনৈতিক উত্থান উল্কার গতিতে বললেও কম বলা হয়। গত ২ মার্চ মথুরাপুরে বিজেপির রথযাত্রার কভারেজ করতে গিয়ে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। লাইভ চলাকালীনই সাংবাদিকতার গ্লভস ছেড়ে হাতে তুলে নিয়েছিলেন গেরুয়া পতাকা। সেই ঘটনার ঠিক ১৪ দিন পরেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর ওপর ভরসা রাখল।

সোমবার দিল্লির সদর দফতর থেকে বাংলার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সেখানে দেখা যাচ্ছে, নন্দীগ্রামের পাশাপাশি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরেও প্রার্থী করা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এ ছাড়াও খড়্গপুর সদরে দিলীপ ঘোষ, বরানগরে সজল ঘোষ এবং ভাটপাড়ায় অর্জুন সিংয়ের ছেলে পবন সিংকে প্রার্থী করেছে বিজেপি।

সাংবাদিকতা ছেড়ে রাজনীতিতে আসা এই প্রথম নয়। রাজীব শুক্লা, এম জে আকবর, স্বপন দাশগুপ্ত কিংবা তৃণমূলের সাগরিকা ঘোষদের উত্তরসূরি হিসেবেই এবার সেই তালিকায় নাম লেখালেন সন্তু। তবে ভোটের নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি বুঝিয়ে দিয়েছে, তারা এবার এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। তারকেশ্বরের মতো গুরুত্বপূর্ণ আসনে সন্তু পানের মতো তরুণ ও পরিচিত মুখকে দাঁড় করিয়ে বিজেপি সেখানে মাস্টারস্ট্রোক দিল কি না, তা জানা যাবে আগামী মাসেই।