গ্যাসের বৈঠকে হঠাৎই ‘নন্দীগ্রাম’ প্রসঙ্গ! জেলাশাসকদের কড়া হুঁশিয়ারি মমতার, ফের কি কারচুপির আশঙ্কা?

রাজ্যে রান্নার গ্যাসের তীব্র সঙ্কট এবং জোগান নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই প্রশাসনিক বৈঠকেই আচমকা উঠে এল ২০২১ সালের নন্দীগ্রামের ভোট গণনার প্রসঙ্গ। আসন্ন নির্বাচনের আগে প্রশাসনিক কর্তাদের সতর্ক করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট হুঁশিয়ারি দেন, “ইভিএম নিয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোথাও যেন নন্দীগ্রামের মতো কারচুপির পুনরাবৃত্তি না হয়।”

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে মমতার পরাজয় নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল কংগ্রেস। ভোট গণনায় কারচুপির অভিযোগে মামলাটি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। বৃহস্পতিবারের বৈঠকে মুখ্যমন্ত্রী পরোক্ষভাবে সেই প্রসঙ্গ টেনেই জেলাশাসকদের নির্দেশ দেন যাতে নির্বাচনী প্রক্রিয়ায় কোনও প্রকার অস্বচ্ছতা বা কারচুপি না ঘটে। তিনি সাফ জানিয়ে দেন, ভোট ঘোষণা হয়ে গেলেও রাজ্যের উন্নয়নমূলক কাজ যেন কোনওভাবেই থমকে না থাকে।

এদিনের বৈঠকে কেন্দ্রীয় সরকারের নীতিকেও তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বর্তমান গ্যাস সঙ্কট, নোটবন্দি এবং ‘SIR’-এর লাইনের প্রসঙ্গ টেনে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, “গ্যাসের জন্য লাইন, এসআইআর-এর জন্য লাইন, নোটবন্দির লাইন—মানুষকে আর কত লাইনে দাঁড়াতে হবে? এবার সব শুধু বেলাইন হয়ে যাবে।” সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে কালোবাজারি রুখে রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক রাখা যায়। ভোটের আবহে মুখ্যমন্ত্রীর এই ‘নন্দীগ্রাম কার্ড’ এবং প্রশাসনিক কড়াকড়ি রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে।