ইরানের চোখরাঙানি উপেক্ষা করেই জয়শঙ্করের ম্যাজিক? ১.৩৫ লক্ষ টন তেল নিয়ে ভারতে ‘শেনলং’!

মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকা যুদ্ধের দামামা, তার মাঝেই ভারতের জন্য এল স্বস্তির খবর। সব বাধা পেরিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘শেনলং সুয়েজম্যাক্স’ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে মুম্বই বন্দরে পৌঁছেছে। ১ মার্চ সৌদি আরবের রাস তানুকা বন্দর থেকে রওনা দেওয়া এই জাহাজটি বুধবার দুপুর ১টায় মুম্বইয়ে নোঙর করে।

টানটান উত্তেজনা মাঝ সমুদ্রে: সামুদ্রিক ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ৮ মার্চ যখন জাহাজটি হরমুজ প্রণালীর সবথেকে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করে, তখন সেটির ‘অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম’ (AIS) বন্ধ করে দেওয়া হয়েছিল। শত্রুপক্ষের নজর এড়াতে এবং হামলা থেকে বাঁচতেই এই কৌশল নেওয়া হয়। ৯ মার্চ ফের ট্র্যাকিং সিস্টেম চালু হতেই দেখা যায়, বিপদসীমা পার করে ফেলেছে জাহাজটি।

কেন এই খবরটি গুরুত্বপূর্ণ? বর্তমানে ইরান অনানুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। চিন ছাড়া অন্য কোনও দেশের জাহাজকে এই পথ দিয়ে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি বুধবারও নির্দেশ অমান্য করায় দুটি জাহাজে হামলা চালিয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ড। এই পরিস্থিতিতে ১,৩৫,৩৩৫ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে ভারতীয় ক্যাপ্টেনের নেতৃত্বে এই জাহাজের ভারতে পৌঁছানো ভারতের বড় কূটনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে।