ইরানে যুদ্ধের কবলে ৯ হাজার ভারতীয়! তাঁদের উদ্ধারে ভারতের ‘মাস্টারপ্ল্যান’, বড় আপডেট দিল বিদেশ মন্ত্রক!

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে ইরানে আটকে পড়া হাজার হাজার ভারতীয়কে উদ্ধার করতে মরিয়া কেন্দ্র। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে জানান, ইরানে এই মুহূর্তে প্রায় ৯ হাজার ভারতীয় রয়েছেন, যাঁদের মধ্যে পড়ুয়া, ব্যবসায়ী এবং তীর্থযাত্রীও আছেন। তাঁদের নিরাপদে দেশে ফেরাতে আজারবাইজান ও আর্মেনিয়া সীমান্তকে বিশেষ রুট হিসেবে ব্যবহারের পরামর্শ দিচ্ছে ভারত।

উদ্ধারকাজ ও বিশেষ সহায়তা: রণধীর জয়সওয়াল জানিয়েছেন, তেহরানে থাকা ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা এবং সীমান্ত পারাপারের ক্ষেত্রে দূতাবাস সরাসরি সাহায্য করছে। স্থলপথে সীমান্ত পেরিয়ে বাণিজ্যিক বিমানে চড়ে তাঁরা সহজেই ভারতে ফিরতে পারবেন। ইতিমধ্যে বহু পড়ুয়া এই পদ্ধতিতে দেশে ফিরেছেন। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর নিয়মিত যোগাযোগ রাখছেন ইরানের বিদেশ মন্ত্রীর সঙ্গে।

পাকিস্তানকে তুলোধনা: আফগানিস্তান ইস্যুতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আনা অভিযোগকে স্রেফ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। রণধীর জয়সওয়াল স্পষ্ট বলেন, “নিজেদের ব্যর্থতা ঢাকতে ভারতকে দোষারোপ করা পাকিস্তানের পুরনো অভ্যাস। যারা দশকের পর দশক সন্ত্রাসবাদে মদত দেয়, তাদের কথায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই।”

বিতর্কের অবসান: ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেইয়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করতে দেরি নিয়ে বিরোধীদের সমালোচনার কড়া জবাব দিয়েছে কেন্দ্র। জয়সওয়াল জানান, ৫ মার্চ দূতাবাস শোকবার্তা লেখার জন্য বই খুলেছিল এবং ওই দিনই ভারতের বিদেশ সচিব সেখানে স্বাক্ষর করেন। না জেনে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য বিরোধীদের একহাত নিয়েছেন তিনি।