ভোটের আগেই মাস্টারস্ট্রোক মোদীর! বাংলার জন্য ৪,৪৭৪ কোটির বিরাট উপহার

সামনেই নির্বাচন, আর তার আগেই পশ্চিমবঙ্গের জন্য ঝুলি উপুড় করল কেন্দ্র। বাংলার রেল পরিকাঠামোয় এক ঐতিহাসিক বিপ্লব আনতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি (CCEA)। মঙ্গলবার কয়েক হাজার কোটি টাকার মেগা রেল প্রকল্পে সবুজ সংকেত দিল কেন্দ্র, যার সিংহভাগ সুফল পেতে চলেছে পশ্চিমবঙ্গ।
কী থাকছে এই প্রকল্পে? কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, বীরভূমের সাঁইথিয়া থেকে ঝাড়খণ্ডের পাকুড় এবং হাওড়ার সাঁতরাগাছি থেকে খড়গপুর পর্যন্ত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুটে ‘মাল্টি ট্র্যাকিং’ প্রকল্পের কাজ শুরু হবে। এই প্রকল্পের আওতায় ভারতীয় রেলের মানচিত্রে নতুন করে ১৯২ কিলোমিটার পথ যুক্ত হতে চলেছে। এর জন্য মোট ৪,৪৭৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
উপকৃত হবেন কোটি কোটি মানুষ: প্রধানমন্ত্রী গতি শক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের অধীনে এই কাজ ২০৩০-৩১ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। পরিসংখ্যান বলছে, এর ফলে প্রায় ৫,৬৫২টি গ্রামের মানুষ সরাসরি উপকৃত হবেন, যার একটি বিশাল অংশ পশ্চিমবঙ্গের। সব মিলিয়ে প্রায় ১ কোটি ৪৭ লক্ষ মানুষের যাতায়াত আরও মসৃণ ও দ্রুতগামী হবে।
পর্যটন ও বাণিজ্যে জোয়ার: এই রেল সংযোগ তৈরি হলে বীরভূম ও পার্শ্ববর্তী অঞ্চলের পর্যটনে আমূল পরিবর্তন আসবে। বোলপুর-শান্তিনিকেতন, তারাপীঠ, নন্দীকেশ্বরী মন্দির, রামেশ্বর কুণ্ডের মতো তীর্থস্থান ও পর্যটন কেন্দ্রে পৌঁছনো এখনকার চেয়ে অনেক সহজ হবে। শুধু যাত্রী পরিবহন নয়, পণ্য পরিবহনের ক্ষেত্রেও এটি গেম চেঞ্জার হতে চলেছে। কয়লা, পাথর, সিমেন্ট, জিপসাম এবং লৌহ-ইস্পাত আকরিক পরিবহনে গতি আসবে, যা বাংলার শিল্পক্ষেত্রে নতুন অক্সিজেন জোগাবে। ভোটের মুখে কেন্দ্রের এই ‘সবুজ সংকেত’ বাংলার রাজনীতিতেও বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।