কিউয়ি বধ করে ইতিহাস! টানা দু’বার বিশ্বজয় গম্ভীরের ভারতের, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপচে পড়া চোখের জল!

আড়াই বছর আগের সেই অভিশপ্ত রাতের ক্ষত যেন এক নিমেষে মুছে গেল রবিবার। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লাখো দর্শকের চোখের জল আজ আর বিষাদের নয়, বরং চরম তৃপ্তির। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্ব ক্রিকেটে ইতিহাস গড়ল গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া। প্রথম দেশ হিসেবে টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অনন্য নজির গড়ল ভারত।

ম্যাচের শুরু থেকেই দাপট ছিল মেন ইন ব্লু-র। ৯৭ রানের এই জয় বুঝিয়ে দিল কেন ভারতীয় ক্রিকেট এখন বিশ্বের সিংহাসনে। ট্রফি জয়ের মুহূর্তেই ভারতজুড়ে অকাল দীপাবলি শুরু হয়। আসমুদ্রহিমাচল যখন উল্লাসে মত্ত, তখন পিছিয়ে নেই টিনসেল টাউনও। শাহেনশা অমিতাভ বচ্চন থেকে কিং খান শাহরুখ— সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন তারকারা।

নিজের চিরপরিচিত টোটকা আউড়ে অমিতাভ বচ্চন এক্স হ্যান্ডেলে লেখেন, “বলেছিলাম না, আমি খেলা না দেখলে ভারত জিতে যাবে! আর সেটাই হল। আমরা চ্যাম্পিয়ন!” অন্যদিকে, অক্ষয় কুমার তাঁর আসন্ন ছবি ‘ভূত বাংলা’-র গানের তালে নাচের ভিডিও শেয়ার করে লিখেছেন, “এখন ভারতের প্রতি ঘরে ঘরে ঠিক এই দৃশ্যই দেখা যাচ্ছে।” অজয় দেবগণ আবেগপ্রবণ হয়ে লেখেন, “চিৎকার করতে করতে গলা বসে গিয়েছে, কিন্তু ঠোঁটের হাসি থামছে না। তোমরা কোটি কোটি ভারতবাসীর মাথা গর্বে উঁচু করে দিলে।”

শাহরুখ খান দলের লড়াইকে কুর্নিশ জানিয়ে লিখেছেন, “অবিশ্বাস্য জয়! তোমাদের মাঠে খেলতে দেখে আমরা গর্বিত। জয় হিন্দ!” অনুপম খের, অনিল কাপুর, মহেশ বাবু এবং রামচরণের মতো তারকারাও টিম ইন্ডিয়ার এই ঐতিহাসিক সাফল্যে শামিল হয়েছেন। গম্ভীরের প্রশিক্ষণে ভারতীয় দলের এই জয় যেন এক নতুন যুগের সূচনা করল।