রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা! ইরান-মার্কিন যুদ্ধের মাঝে এটাই কি বিনিয়োগের সুবর্ণ সুযোগ?

বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং ইরান-মার্কিন যুদ্ধের ডামাডোলের মাঝেই ভারতীয় সোনা বাজারে বড় চমক। গত কয়েকদিন আগেও ১০ গ্রাম সোনার দাম যে আকাশছোঁয়া ১,৮০,৭৭৯ টাকার রেকর্ডে পৌঁছেছিল, বর্তমানে তা প্রায় ১৯,০০০ টাকা কমে ১,৬১,৬৭৫ টাকায় থিতু হয়েছে। আন্তর্জাতিক বাজারেও ‘কমেক্স গোল্ড’-এর দাম আউন্স প্রতি ৫,১৫৮.৭০ ডলারে নেমে এসেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে সোনা সাধারণত মহার্ঘ্য হলেও, এবার উল্টো পথে হাঁটা দেখে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে— এটাই কি সোনা কেনার সেরা সময়?

বাজার বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের আবহেও সোনার দাম না বাড়ার প্রধান কারণ শক্তিশালী মার্কিন ডলার এবং অপরিশোধিত তেলের চড়া দাম। মুদ্রাস্ফীতির আশঙ্কায় আমেরিকায় সুদের হার কমার সম্ভাবনা পিছিয়ে যাওয়ায় বিনিয়োগকারীরা সোনার বদলে ডলারের দিকেই বেশি ঝুঁকছেন। তবে ‘ট্রাম্প ফ্যাক্টর’ এবং সম্প্রতি কিউবার দিকে আমেরিকার নজর ঘোরার ইঙ্গিতে দীর্ঘমেয়াদে সোনা ও রুপো নিরাপদ বিনিয়োগ হিসেবেই বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞ সংস্থা ‘এনরিচ মানি’-র মতে, সোনার বাজারে এখনও ‘বুলিশ’ বা ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। ঘরোয়া বাজারে ১০ গ্রাম সোনা ১,৩৭,০০০ টাকা এবং আন্তর্জাতিক বাজারে ৫,০০০-৫,১০০ ডলার হলো শক্তিশালী সাপোর্ট জোন। যদি সোনার দাম ১,৬৫,০০০ টাকার গণ্ডি টপকে যায়, তবে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে দাম ফের নতুন রেকর্ড গড়তে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ হলো, প্রতিটা বড় পতনকেই সোনা জমানোর বা ‘অ্যাকিউমুলেশন’-এর সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগানো উচিত।