সোশ্যাল মিডিয়ায় আসক্তিই কি কাল হল? ১৪ দিন ধরে নিখোঁজ বধূ, মালদায় বাড়ছে অপহরণের আতঙ্ক

সোশ্যাল মিডিয়ায় ‘রিল’ বানানোর নেশা কেড়ে নিল সাজানো সংসার। মালদার হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিকের ঘর ভাঙল মোবাইলের ভার্চুয়াল আকর্ষণ। গত ১৪ দিন ধরে নিখোঁজ ওই শ্রমিকের ৩৪ বছর বয়সি স্ত্রী। অভিযোগ, বাড়ি থেকে স্বনির্ভর গোষ্ঠীর নগদ ৫৫ হাজার টাকা নিয়ে উধাও হয়েছেন তিনি। দুই নাবালক সন্তানকে নিয়ে এখন দিনরাত চোখের জল ফেলছেন অসহায় স্বামী।

ঘটনার সূত্রপাত: পেশায় পরিযায়ী শ্রমিক ওই যুবক দীর্ঘদিন ধরে ওড়িশায় কাজ করছিলেন। তাঁর স্ত্রী গ্রামে দুই ছেলেকে নিয়ে থাকতেন এবং মাঝেমধ্যে কৃষি শ্রমিকের কাজ করতেন। কিন্তু তাঁর আসল নেশা ছিল স্মার্টফোনে রিল বানানো। ওড়িশা থেকে স্বামী ফোন করলেই অধিকাংশ সময় স্ত্রীর ফোন ‘বিজি’ থাকত। গত ১৫ দিন আগে অসুস্থ অবস্থায় স্বামী বাড়ি ফিরে আসার ঠিক পরদিনই ঘটে অঘটন। বোনের বাড়ি যাওয়ার নাম করে বেরিয়ে আর ফেরেননি ওই বধূ।

রিল থেকে কি অন্য সম্পর্ক? স্বামীর দাবি, সোশ্যাল মিডিয়ায় রিল পোস্ট করার মাধ্যমে তাঁর স্ত্রী অনেকের সঙ্গে যোগাযোগ রাখতেন। তাঁর সন্দেহ, সেই সূত্রেই কারও সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে এবং সেই ব্যক্তিই তাঁর স্ত্রীকে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিয়ে গিয়েছে। নিখোঁজ হওয়ার দিন থেকেই মহিলার ফোন সুইচড অফ। প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের সবারই আশঙ্কা, রিলের চক্করে পড়ে কোনও পাচারচক্রের খপ্পরে পড়েননি তো ওই বধূ?

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ: ইতিমধ্যেই হরিশ্চন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। তবে দীর্ঘ ১৪ দিন কেটে গেলেও স্ত্রীর সন্ধান না মেলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বামী। যদিও চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা জানিয়েছেন, আশপাশের সব জেলা ও বিহার সীমান্ত লাগোয়া থানাগুলিতে নিখোঁজ বধূর ছবি ও তথ্য পাঠানো হয়েছে। দ্রুত তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।