সপ্তাহের শেষেই ধস শেয়ার বাজারে! সেনসেক্স ৫০০ পয়েন্ট সাফ, নিফটি নামল ২৪,৬৫০-এর নিচে

ভূ-রাজনৈতিক উত্তেজনার পারদ যত চড়ছে, ততই রক্তক্ষরণ বাড়ছে ভারতীয় শেয়ার বাজারে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ শুক্রবার সকালে কার্যত ধস নামল দালাল স্ট্রিটে। ইরান বনাম মার্কিন-ইজরায়েল যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় সেনসেক্স এক ধাক্কায় ৫০০ পয়েন্টের বেশি পড়ে যায়। পাল্লা দিয়ে নিফটিও ২৪,৬৫০-এর গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলের নিচে নেমে আসায় দিশেহারা লগ্নিকারীরা।

চলতি ক্যালেন্ডার বছরে বিএসই (BSE) সেনসেক্স ইতিমধ্যেই ৭%-এর বেশি কমেছে, যেখানে নিফটি৫০ খুইয়েছে ৬.৩১%। এই অস্থির পরিস্থিতিতে সবচেয়ে বেশি চিন্তায় পড়েছেন মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীরা। বাজার বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে, সাময়িক অস্থিরতায় আতঙ্কিত হয়ে এসআইপি (SIP) বন্ধ করা উচিত নয়, বরং দীর্ঘমেয়াদী লক্ষ্য বজায় রাখাই বুদ্ধিমানের কাজ।

কারা ডুবল আর কারা ভাসল? এদিন শেয়ার বাজারে মিশ্র ছবি ধরা পড়েছে। আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) এবং ইন্ডিগোর (IndiGo) মতো বড় সংস্থার শেয়ারের দাম ৩% পর্যন্ত হ্রাস পেয়েছে। রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance) শেয়ারেও ২%-এর বেশি পতন দেখা গেছে। অন্যদিকে, প্রতিরক্ষা খাতের শেয়ারে তেজি ভাব বজায় রয়েছে। ভারত ডায়নামিক্স ৬% এবং ডিসিএক্স সিস্টেমস (DCX Systems) ১১%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। সোলার ইন্ডাস্ট্রিজ এবং শিপিং কোম্পানিগুলির শেয়ারও ২০% পর্যন্ত লাভ করেছে।

ক্রিপ্টোবাজারেও মন্দা: শুধুমাত্র শেয়ার বাজার নয়, ডিজিটাল মুদ্রার বাজারেও পতন অব্যাহত। গত ২৪ ঘণ্টায় বিটকয়েনের দাম ২% কমে ৭০,৮৯৬ ডলারে নেমেছে। ইথেরিয়ামের দাম ২.৭৮% কমে ২০৭৪ ডলারে এসে ঠেকেছে। সুদের হার নিয়ে অনিশ্চয়তা এবং বিশ্বজুড়ে যুদ্ধের মেঘই এই পরিস্থিতির প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।