র্যাপার থেকে প্রধানমন্ত্রী! নেপালের তখতে ‘জেন-জি’ আইকন বালেন শাহ, ধসে গেল ওলি-প্রচণ্ডদের সাম্রাজ্য!

হিমালয়ের দেশ নেপালে বইছে পরিবর্তনের প্রবল হাওয়া। প্রথাগত রাজনীতির বাঘা বাঘা নেতাদের টেক্কা দিয়ে নেপালের শাসনভার হাতে নিতে চলেছেন ৩৫ বছর বয়সী তরুণ তুর্কি বালেন্দ্র শাহ, যিনি অনুরাগী মহলে ‘বালেন শাহ’ নামেই জনপ্রিয়। গত সেপ্টেম্বর মাসে কেপি শর্মা ওলি সরকারের পতনের পর যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল, সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে তার অবসান হতে চলেছে। জেন-জি (Gen Z)-র হার্টথ্রব বালেন শাহ এবং তাঁর দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (RSP) এখন নেপালের মসনদ দখলের অপেক্ষায়।
র্যাপার থেকে রাজনীতির ময়দানে: ১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্ম বালেন্দ্রর। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এই যুবক উচ্চশিক্ষার জন্য ভারতেও এসেছিলেন। তবে তাঁর পরিচিতি বাড়ে একজন জনপ্রিয় র্যাপার হিসেবে। গানের লিরিক্সে দুর্নীতি আর বৈষম্যের বিরুদ্ধে সওয়াল করে তরুণ প্রজন্মের মসিহা হয়ে ওঠেন তিনি। ২০২২ সালে নির্দল প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন বালেন। এবার জাতীয় নির্বাচনেও তাঁর দল ১৬৫টি আসনের মধ্যে ৭৩টিতে এগিয়ে থেকে ম্যাজিক ফিগার ছোঁয়ার অপেক্ষায়। বিপরীতে প্রাক্তন প্রধানমন্ত্রী ওলির দল কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে।
কেন বালেন এত জনপ্রিয়? বালেন শাহের উত্থান কেবল আবেগে নয়, তাঁর কাজের দক্ষতায়। কাঠমান্ডুর মেয়র হিসেবে সরকারি স্কুলের ভোলবদল, রাস্তাঘাটের উন্নয়ন এবং কর ফাঁকি দেওয়া রাঘববোয়ালদের বিরুদ্ধে তাঁর কড়া পদক্ষেপ মানুষের মন জয় করেছে। টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ জন উদীয়মান নেতার তালিকায় থাকা বালেন এখন নেপালের জেন-জি আন্দোলনের প্রতীক। তাঁর স্টাইল, জীবনযাপন আর স্পষ্টবাদিতা তাঁকে নেপালের ‘রোল মডেল’ করে তুলেছে। কাঠমান্ডুর ঝাপা-৫ আসন থেকে বিশাল ব্যবধানে এগিয়ে থাকা বালেন এখন নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়া কেবল সময়ের অপেক্ষা।