রক্তাক্ত রায়পুর! সোমবার শহরের ৫ জায়গায় ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন ২ জন, আশঙ্কাজনক চিকিৎসক-সহ ৪!

ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে সোমবার দিনটি ছিল অভিশপ্ত। শহরের পাঁচটি পৃথক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক নাবালিকা ও এক যুবতী। শুধু তাই নয়, এই দুর্ঘটনাগুলোতে গুরুতর আহত হয়েছেন এক বর্ষীয়ান সাংবাদিক এবং একজন চিকিৎসক।
পুলিশ সূত্রের খবর, রিং রোড নং ১-এ তিনটি বড় দুর্ঘটনা ঘটে। সেখানে একটি কন্টেইনারের ধাক্কায় ১৬ বছরের এক নাবালিকা, সোনু পাতিলের মর্মান্তিক মৃত্যু হয়। একটি মেয়েকে রাস্তা থেকে তুলতে গিয়ে ঘাতক কন্টেইনারটি তাকে পিষে দিয়ে ডিভাইডারের ওপর উঠে যায়। অন্যদিকে, পান্ড্রি এলাকায় অটোর জন্য অপেক্ষারত এক তরুণীকে দ্রুতগামী পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বৃষ্টির কারণে রাস্তায় তেল ছড়িয়ে পড়ায় এই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিক অনুমান। পিচ্ছিল রাস্তার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দির হাসাউদ থানা এলাকায় একটি এসইউভি গাছে ধাক্কা মারে, যাতে সত্য সাই হাসপাতালের একজন চিকিৎসক গুরুতর জখম হন। কোতোয়ালি এলাকায় একটি ট্রাকের ধাক্কায় প্রবীণ সাংবাদিক নীলেশ শর্মাও গুরুতর আহত হয়েছেন। পুলিশ ইতিমধ্য়েই ঘাতক ট্রাকের চালক ইকরাম রাজ এবং কন্টেইনার চালক নীলেশ কুমার বাইসকে গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত, গত রাতেই ধান বোঝাই ট্রাক উল্টে দম্পতি-সহ তিনজনের মৃত্যু হয়েছিল একই শহরে।