শুটিংয়ের সেটেই অঝোরে কান্না ভারতীর! বহুমূল্য হিরের আংটি হারিয়ে ‘অশুভ’ সঙ্কেত পেলেন কমেডি কুইন

টেলিভিশন পর্দার হাসির রানি ভারতী সিং মানেই বিনোদনের ভরপুর রসদ। কিন্তু সম্প্রতি ‘লাফটার শেফস’-এর সেটে ঘটল উলটপুরাণ। শুটিং চলাকালীন আচমকাই স্টুডিওর মধ্যে কান্নায় ভেঙে পড়লেন ভারতী। সবসময় সবাইকে হাসিয়ে রাখা ভারতীর চোখে জল দেখে স্তম্ভিত হয়ে যান সেটে উপস্থিত সহকর্মী থেকে কলাকুশলীরা। কারণটি ছিল তাঁর অত্যন্ত প্রিয় এবং বহুমূল্য একটি হিরের আংটি হারিয়ে যাওয়া।

জানা গিয়েছে, শুটিংয়ের বিরতিতে ভারতী হঠাৎ খেয়াল করেন তাঁর আঙুলের সেই দামী আংটিটি গায়েব। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও সেটি না মেলায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি। কান্নায় ভেঙে পড়ে ভারতী বলেন, “সোনা বা হিরের জিনিস হারানো মোটেও শুভ লক্ষণ নয়।” ভারতীর এই অবস্থা দেখে শুটিং বন্ধ করে আংটি খুঁজতে ময়দানে নামেন অর্জুন বিজলানি এবং আলি গোনিরা। মেকআপ আর্টিস্ট থেকে স্পটবয়—সকলেই স্টুডিওর মেঝেতে হন্যে হয়ে আংটিটি খুঁজতে থাকেন।

বেশ কিছুক্ষণ রুদ্ধশ্বাস উত্তেজনার পর অবশেষে আংটিটি উদ্ধার হয়। রাজুদাদা নামে এক কর্মী সেটি খুঁজে পেয়ে ভারতীর হাতে তুলে দিলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অভিনেত্রী। প্রসঙ্গত, দ্বিতীয় সন্তান ‘কাজু’-র জন্মের পর কাজে ফিরেই এই বিড়ম্বনার মুখে পড়লেন তিনি। আংটি ফিরে পাওয়ার পর আবারও চিরপরিচিত হাসি মুখে শুটিং শুরু করেন ভারতী।