বিজ্ঞান বনাম বিশ্বাস! রাজস্থানের শিক্ষা মন্ত্রীর ‘দুধ-তত্ত্ব’ নিয়ে নেটপাড়ায় হাসির রোল, কী বলছেন বিশেষজ্ঞরা?

গরু বনাম মোষের দুধের তুলনা টানতে গিয়ে এবার চরম বিতর্কে জড়ালেন রাজস্থানের শিক্ষা মন্ত্রী মদন দিলাওয়ার। তাঁর দাবি, দেশি গরুর দুধ খেলে শিশুদের বুদ্ধি ও শক্তি বাড়ে, অন্যদিকে মোষের দুধ শিশুদের অলস ও ‘মন্দবুদ্ধি’ করে তোলে। কোটা জেলায় একটি অনুষ্ঠানে মন্ত্রীর দেওয়া এই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে।
নিজের দাবির সপক্ষে এক অদ্ভুত যুক্তি দিয়ে মন্ত্রী বলেন, গরুর বাছুর অনায়াসেই তার মাকে চিনে নেয়, কিন্তু মোষের বাছুর নাকি মা চিনতে হিমশিম খায়। তাঁর মতে, দুধের প্রভাবই বাছুরের আচরণের প্রতিফলিত হয়। তিনি আরও দাবি করেন, পেট ভরে খাওয়ার পর মহিষের বাছুর ঘুমিয়ে পড়ে, আর গরুর বাছুর লাফিয়ে বেড়ায় এবং ‘তীক্ষ্ণ বুদ্ধিমত্তার’ পরিচয় দেয়।
তবে মন্ত্রীর এই ‘তত্ত্ব’ উড়িয়ে দিয়েছেন পুষ্টিবিদ ও চিকিৎসকরা। বিশেষজ্ঞদের মতে, গরুর দুধ বুদ্ধিমত্তা বাড়ায় এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং পুষ্টি গবেষক ডা. সীমা গুলাটি জানান, মোষের দুধে চর্বি ও ক্যালোরি বেশি থাকে। এমনকি প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন বি১২-ও মোষের দুধে কিছুটা বেশি থাকে যা মস্তিষ্কের কার্যকারিতার জন্য জরুরি। আয়োডিনের মতো পুষ্টির মাত্রা পশুর প্রজাতির ওপর নয়, বরং তার খাদ্যের ওপর নির্ভর করে। ফলে মন্ত্রীর এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।