হোয়াটসঅ্যাপে ওটিপি বিক্রিই ছিল পেশা! মুর্শিদাবাদ থেকে গ্রেফতার জুহাব ও সুমন

মুর্শিদাবাদে সক্রিয় বিশাল ওটিপি (OTP) পাচার চক্র। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই চক্রের দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃতদের নাম জুহাব শেখ এবং সুমন শেখ। পুলিশি তদন্তে উঠে এসেছে যে, ধৃতরা টাকার বিনিময়ে বিভিন্ন বেআইনি কাজের জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওটিপি সরবরাহ করত।
এসটিএফ সূত্রে খবর, গত ১০ ফেব্রুয়ারি প্রথম গুধিয়া গ্রাম থেকে জুহাব শেখকে পাকড়াও করা হয়। তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করার পর তাকে জেরা করে জানা যায় সুমনের নাম। এরপর রবিবার বহরমপুর এলাকা থেকে সুমন শেখকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট এবং ইমিগ্রেশন ও ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
তবে এই গ্রেফতারি ঘিরে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে ধৃতদের পরিবার। সুমনের কাকা গোলাম হোসেনের দাবি, কোনো বৈধ নথি বা কারণ না দেখিয়েই রাতে মসজিদ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। যদিও এসটিএফ-এর দাবি, এই চক্রের জাল অনেক গভীরে বিস্তৃত এবং এই ওটিপি ব্যবহার করে বড়সড় জালিয়াতি চালানো হতো। সুমনকে বিধাননগর আদালতে পেশ করা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।