তৃণমূলে যোগ দিতেই কি ঘর ভাঙছে প্রতীক উরের? বিচ্ছেদ জল্পনায় জল ঢেলে মোক্ষম জবাব নেতার!

দল বদল করার এক সপ্তাহ কাটতে না কাটতেই তৃণমূল নেতা প্রতীক উর রহমানকে নিয়ে চর্চা তুঙ্গে। তবে এবার কোনো রাজনৈতিক বিতর্ক নয়, বরং তাঁর ব্যক্তিগত জীবন এবং বিবাহবিচ্ছেদ নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। শনিবার বাম শিবির ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন ডায়মন্ড হারবারের এই তরুণ তুর্কি। আর সেই দলবদলের রেশ কাটতে না কাটতেই রটে যায়, প্রতীকের এই সিদ্ধান্ত নাকি মেনে নেয়নি তাঁর পরিবার। এমনকি তাঁর স্ত্রী শিরিন বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন— এমন দাবিও করতে থাকেন নেটিজেনদের একাংশ।
অবশেষে সমস্ত জল্পনা ও কুৎসার জবাব দিলেন প্রতীক উর রহমান নিজেই। কোনো দীর্ঘ বিবৃতি নয়, বরং একটি ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেই বিরোধীদের মুখ বন্ধ করেছেন তিনি। সোমবার নিজের ফেসবুক হ্যান্ডেলে স্ত্রী ও কন্যার সঙ্গে একটি ঘরোয়া মুহূর্তের ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, মা শিরিন তাঁর মেয়েকে পড়াচ্ছেন এবং প্রতীক খুব কাছ থেকেই সেই দৃশ্য উপভোগ করছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আপাতত এইটুকু। ছবিটা ভাই তুলে দিল।”
এই একটি ছবির মাধ্যমেই প্রতীক বুঝিয়ে দিয়েছেন, রাজনৈতিক মতাদর্শ বদলালেও তাঁর ‘সুখী গৃহকোণ’ অটুট রয়েছে। উল্লেখ্য, তৃণমূলে যোগ দেওয়ার পরেই সিপিএম থেকে বহিষ্কার করা হয় প্রতীককে। সেই সময় সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয় যে, প্রতীকের স্ত্রী তাঁর ওপর ক্ষুব্ধ। তবে এদিনের এই ‘ফ্যামিলি ফটো’ সব জল্পনায় ইতি টেনেছে। প্রতীক আগেই জানিয়েছেন, বিজেপিকে রুখতে তৃণমূলই একমাত্র বিকল্প, তাই তিনি ঘাসফুল শিবিরে এসেছেন। রাজনীতিতে নতুন ইনিংস শুরু করলেও ব্যক্তিগত জীবনে তিনি যে স্থিতিশীল, তা এখন স্পষ্ট।