“দেশ তো জানেই আপনারা নগ্ন!” AI সামিটে কংগ্রেসের ‘শার্টলেস’ বিক্ষোভ নিয়ে বিস্ফোরক মোদী

দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত আন্তর্জাতিক এআই (AI) সামিটে কংগ্রেসের ‘শার্টলেস’ বা খালি গায়ে বিক্ষোভ নিয়ে এবার নজিরবিহীন আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার উত্তরপ্রদেশের মীরাটে এক জনসভায় দাঁড়িয়ে তিনি কংগ্রেসের এই আচরণকে “নোংরা ও নগ্ন রাজনীতি” বলে কটাক্ষ করেন। প্রধানমন্ত্রীর সাফ কথা, মোদী-বিদ্বেষে অন্ধ হয়ে কংগ্রেস এখন আন্তর্জাতিক মঞ্চে দেশের সম্মান ধুলোয় মেশাতেও দ্বিধা করছে না।
আন্তর্জাতিক মঞ্চে ভারতের সাফল্য বনাম কংগ্রেসের বিক্ষোভ: মীরাটের মানুষকে সাক্ষী রেখে মোদী বলেন, “বিশ্বের ৮০টিরও বেশি দেশ এবং ২০টি দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে এসেছিলেন। ভারত যখন প্রযুক্তির শিখরে পৌঁছানোর বার্তা দিচ্ছে, তখন কংগ্রেস বিদেশি অতিথিদের সামনে জামাকাপড় খুলে নগ্ন হয়ে প্রতিবাদ করছে।” এরপরেই ব্যঙ্গাত্মক সুরে তিনি বলেন, “আমি কংগ্রেসের লোকেদের জিজ্ঞাসা করতে চাই, দেশ তো জানেই যে আপনারা এমনিতেই নগ্ন (আদর্শগতভাবে), তাহলে নতুন করে জামাকাপড় খোলার কী প্রয়োজন ছিল?”
বিজেপির নয়, দেশের অনুষ্ঠান: প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন যে, এআই সামিট কোনো রাজনৈতিক দলের কর্মসূচি ছিল না, বরং এটি ছিল ভারতের গর্বের অনুষ্ঠান। তাঁর অভিযোগ, কংগ্রেস ভারতের প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরার একটি পবিত্র মঞ্চকে অপবিত্র করেছে। তিনি বলেন, “কংগ্রেস নেতারা মোদীকে ঘৃণা করেন, তাঁরা আমার কবর খুঁড়তে চান, এমনকি আমার মা-কেও অপমান করেন। বিজেপি-র বিরোধিতা করা তাঁদের অধিকার, কিন্তু দেশকে অপমান করার অধিকার কে দিল?”
বিশ্বমঞ্চে ভারতের বাড়ছে গুরুত্ব: পুরনো সরকারের সঙ্গে বর্তমানের তুলনা টেনে মোদী দাবি করেন, এক সময় দুর্নীতিগ্রস্ত সরকারের সঙ্গে কাজ করতে বিশ্ব ভয় পেত। আর আজ উন্নত দেশগুলো ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে মুখিয়ে রয়েছে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, বিশ্ববাসী মনে করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জগুলোর সমাধান একমাত্র ভারতই দিতে পারে।