‘ওর ব্যাট কথা বলবেই!’ অফ-ফর্মে থাকা অভিষেকের পাশে প্রোটিয়া তারকা ডি কক, আজ কি আমদাবাদে জ্বলে উঠবেন ভারতের ওপেনার?

রবিবাসরীয় রাতে ক্রিকেট বিশ্বের নজর এখন আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে মুখোমুখি হচ্ছে দুই অপরাজিত শক্তি— সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া এবং এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকা। এই মেগা ম্যাচের আগে আলোচনায় উঠে আসছে ২০২৪ বিশ্বকাপের ফাইনালের স্মৃতি। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রে রয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা।
অভিষেকের পাশে ডি কক: চলতি বিশ্বকাপে এখনও রানের খাতা খুলতে পারেননি তরুণ ওপেনার অভিষেক শর্মা। তবে তাঁর অফ-ফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক। অভিষেকের প্রশংসা করে ডি কক বলেন, “অভিষেক বর্তমানে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। এই র্যাঙ্কিং ধরে রাখার অর্থই হলো তাঁর আলাদা এক মর্যাদা আছে। ওর মতো তরুণ খেলোয়াড়দের ক্যারিয়ারে চড়াই-উতরাই আসতেই পারে। আমার বিশ্বাস, ও নিজের সহজাত খেলাটা চালিয়ে গেলেই খুব দ্রুত বড় ইনিংস ওর ব্যাট থেকে আসবে।”
স্নায়ুর লড়াই ও ছোট মুহূর্তের গুরুত্ব: ডি ককের মতে, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ মানেই স্নায়ুর চরম পরীক্ষা। কুইন্টন বলেন, “চাপ সামলানো এবং ম্যাচের ছোট ছোট গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো জিতে নেওয়াই হবে জয়-পরাজয়ের আসল নির্ণায়ক।” উল্লেখ্য, গত বছরের টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়ারা ভারতের কাছে ৩-১ ব্যবধানে হেরেছিল এবং বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও পরাজয়ের মুখ দেখতে হয়েছিল তাদের। তাই আজকের ম্যাচে নিজেদের মানসিক দৃঢ়তা প্রমাণ করতে মরিয়া দক্ষিণ আফ্রিকা শিবির।
একে অপরকে চেনার লড়াই: আইপিএলের দৌলতে দুই দলের ক্রিকেটাররাই একে অপরের শক্তি ও দুর্বলতা সম্পর্কে খুব ভালোভাবেই অবগত। ডি ককও মনে করেন, পরিচিত প্রতিপক্ষের বিরুদ্ধে এই লড়াইয়ে কে কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সেটাই আসল। আমদাবাদের বাইশ গজে আজ কার জয়রথ থমকে যাবে এবং কে সেমিফাইনালের পথে এক পা এগিয়ে রাখবে, তা দেখতে মুখিয়ে আছে গোটা বিশ্ব।