১ এপ্রিল থেকে বড় বদল! হাইওয়েতে আর চলবে না নগদ টাকা, পকেটে ক্যাশ থাকলেও দিতে হবে নাজেহাল

নতুন অর্থবর্ষের শুরুতেই গাড়ি চালকদের জন্য বড় খবর। আগামী ১ এপ্রিল থেকে দেশের জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়েগুলোতে টোল ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে নগদ লেনদেন (Cash Payment) সম্পূর্ণভাবে বন্ধ হতে চলেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের নির্দেশে এবার থেকে টোল প্লাজায় কেবল ডিজিটাল মাধ্যমেই টাকা মেটানো যাবে।

ডিজিটাল ইন্ডিয়ায় বড় পদক্ষেপ: ন্যাশনাল হাইওয়েজ অথারিটি অব ইন্ডিয়া (NHAI) জানিয়েছে, টোল প্লাজাগুলোতে ভিড় কমাতে এবং যানজটমুক্ত যাতায়াত নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে টোল ট্যাক্স দেওয়ার জন্য ফাস্ট্যাগ (FASTag) অথবা ইউপিআই (UPI)-ই হবে একমাত্র ভরসা। ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালুর ফলে টোল গেটে দাঁড়ানোর সময় যেমন কমবে, তেমনই খুচরো টাকা বা নগদ আদান-প্রদানের ঝামেলা থেকেও মুক্তি পাবেন চালকরা।

বিশাল অঙ্কের রাজস্ব আদায়: সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের টোল আদায়ের প্রায় ৯৮ শতাংশই ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে। ২০১৫-১৬ অর্থবর্ষে যেখানে টোল থেকে আয় ছিল মাত্র ৪৮.৬৬ কোটি টাকা, ২০২৫-২৬ অর্থবর্ষে তা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ১৮৩.০৭ কোটি টাকায়। চলতি অর্থবর্ষের প্রথম নয় মাসেই (এপ্রিল-ডিসেম্বর) ৫০,৩৪৫.১০ কোটি টাকা টোল সংগ্রহ করা হয়েছে, যার সিংহভাগই এসেছে ইলেকট্রনিক মাধ্যমে।

নিয়ম ভাঙলে কড়া জরিমানা: নতুন নিয়ম অনুযায়ী, কোনো গাড়িতে যদি বৈধ ফাস্ট্যাগ না থাকে এবং চালক টোল প্লাজা অতিক্রম করতে চান, তবে তাকে সাধারণ হারের চেয়ে দ্বিগুণ টাকা জরিমানা হিসেবে দিতে হবে। আবার ফাস্ট্যাগ নেই কিন্তু ইউপিআই দিয়ে পেমেন্ট করতে চাইছেন, এমন ক্ষেত্রে ১.২৫ গুণ অতিরিক্ত ফি গুনতে হবে। ফলে ১ এপ্রিল থেকে নির্বিঘ্নে সফর করতে চাইলে ফাস্ট্যাগ রিচার্জ রাখা এবং ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত হওয়া এখন বাধ্যতামূলক।