একুশের মঞ্চে নতুন সমীকরণ? মমতার ডানপাশে অনন্ত মহারাজ, বিজেপি সাংসদের মুখে সুর বদলাতেই তুঙ্গে জল্পনা

লোকসভা নির্বাচনের রণদামামা বাজার ঠিক আগেই বাংলার রাজনীতিতে এক চাঞ্চল্যকর মোড়। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে দেখা গেল বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে। শুধু উপস্থিতিই নয়, রাজ্য সরকারের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’-এ ভূষিত হলেন তিনি। মঞ্চে মুখ্যমন্ত্রীর ঠিক পাশেই বসা অনন্ত মহারাজের এই উপস্থিতি বঙ্গ রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

এদিন দেশপ্রিয় পার্কের অনুষ্ঠান থেকে নিজের দলের বিরুদ্ধেই কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন এই রাজবংশী নেতা। তাঁর কথায়, “আমরা আজও লাঞ্ছনা ও বঞ্চনার শিকার। বিজেপির সাংসদ হলেও কি আমাদের মানুষের বঞ্চনার কথা বলব না? ওরা তো কাজ করছে না!” কোচবিহারের প্রায় ৩৪ শতাংশ রাজবংশী ভোটারের ওপর অনন্ত মহারাজের বিশাল প্রভাব রয়েছে। আর সেই কারণেই তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছিল বিজেপি। কিন্তু গত কয়েকদিনে কার্শিয়াঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার তৃণমূলে যোগদান এবং এখন অনন্তর এই ‘সুর বদল’ উত্তরবঙ্গে বিজেপিকে বড়সড় অস্বস্তিতে ফেলে দিল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। নির্বাচনের আগে কোচবিহারে কি তবে নতুন কোনও সমীকরণ তৈরি হচ্ছে? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে।