সিপিএম ছাড়ছেন প্রতীক উর? আলিমুদ্দিনে তুঙ্গে নাটক, ড্যামেজ কন্ট্রোলে নামছেন খোদ এমএ বেবি!

বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় ধাক্কা সিপিএম শিবিরে। দলের তরুণ তুর্কি এবং এসএফআই-এর প্রাক্তন রাজ্য সভাপতি প্রতীক উর রহমানের পদত্যাগ ঘিরে উত্তাল আলিমুদ্দিন স্ট্রিট। সোমবার থেকে শুরু হওয়া এই রাজনৈতিক টানাপড়েন মেটাতে এবার আসরে নামছেন দলের কেন্দ্রীয় নেতা তথা পলিটব্যুরো সদস্য এমএ বেবি। আগামী বুধবার রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে প্রতীকের মান ভাঙাতে বিশেষ কৌশল নিতে পারে সিপিএম নেতৃত্ব।

সূত্রের খবর, প্রতীক উর রহমান দলের সমস্ত পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছেন। তবে সেই চিঠি কীভাবে প্রকাশ্যে এল এবং বিরোধী নেতাদের হাতে পৌঁছাল, তা নিয়ে দলের অন্দরেই উঠছে প্রশ্ন। মহম্মদ সেলিম বনাম হুমায়ুন কবীর সমীকরণ নিয়ে প্রতীকের সাম্প্রতিক ফেসবুক পোস্ট যে দলের শীর্ষ নেতৃত্বের একাংশের পছন্দ হয়নি, তা স্পষ্ট। দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটিতে গুরুত্ব না পাওয়া এবং নেতৃত্বের বর্তমান কার্যপদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে না পারার আক্ষেপ বহু আগেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন প্রতীক।

বিষয়টি নিয়ে মহম্মদ সেলিম বা সুজন চক্রবর্তীরা সরাসরি সংবাদমাধ্যমে মুখ না খুললেও, তাঁরা যে প্রতীককে খোয়াতে নারাজ, তার ইঙ্গিত মিলেছে। সুজন চক্রবর্তী ও মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতে, “প্রতীক কঠিন সময়ে লড়াই করেছে, তাকে আগলে রাখা উচিত।” অন্যদিকে প্রতীক নিজে সংবাদমাধ্যমে পদত্যাগের চিঠির সত্যতা নিয়ে স্পষ্ট মন্তব্য না করলেও জানিয়েছেন, “যা বলার দলকে জানিয়েছি, এটা অভ্যন্তরীণ বিষয়।” এখন দেখার, বুধবারের বৈঠকে এমএ বেবির উপস্থিতিতে এই সংকটের সমাধান হয়, নাকি প্রতীক উর রহমান অন্য কোনো রাজনৈতিক পতাকাতলে আশ্রয় নেন।

Samrat Das
  • Samrat Das