হঠাৎ মায়াপুরে অমিত শাহ! আরতি থেকে ‘স্পেশাল মিটিং’—বুধবার হাইভোল্টেজ সফরে কাঁপবে নদিয়া

বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হতেই ফের বাংলায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী বুধবার অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি তাঁর গন্তব্য নদিয়ার মায়াপুর ইসকন মন্দির। যদিও সরকারিভাবে এই সফরকে অরাজনৈতিক তকমা দেওয়া হয়েছে, তবে ভোটের আবহে সাধু-সন্তদের সঙ্গে শাহের এই বিশেষ বৈঠক ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।

সফরের হাইভোল্টেজ নির্ঘণ্ট: প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটে বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। সেখান থেকেই বিএসএফ-এর হেলিকপ্টারে চড়ে তিনি সোজা পাড়ি দেবেন মায়াপুরে। দুপুর ২টো ২৫ থেকে বিকেল ৪টে ২৫ পর্যন্ত, টানা দু’ঘণ্টা মায়াপুরে একাধিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন তিনি। প্রথমে শঙ্খভবন ও পরে পদ্মভবনে যাবেন তিনি। সেখানে ইসকনের শীর্ষ সন্ন্যাসীদের সঙ্গে তাঁর একান্তে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২তম জন্মোৎসবে যোগ দেবেন এবং মন্দিরে আরতি করবেন।

ধর্মীয় মেরুকরণ না কি অন্য কিছু? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত ৩১ জানুয়ারি বারাকপুরের জনসভা থেকে অমিত শাহ তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার মায়াপুরের মতো একটি আন্তর্জাতিক আধ্যাত্মিক কেন্দ্রকে বেছে নেওয়া এবং সাধু-সন্তদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে ভোটব্যাঙ্ক সুসংহত করতেই কি এই ঝটিকা সফর? প্রশ্ন উঠছে সব মহলে।

দিল্লির নেতাদের ভিড় বঙ্গে: অমিত শাহ একা নন, চলতি সপ্তাহেই বাংলায় আসছেন একাধিক হেভিওয়েট বিজেপি নেতা। ২২ ফেব্রুয়ারি কলকাতায় আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সায়েন্স সিটিতে মহিলাদের নিয়ে একটি মেগা সম্মেলনে যোগ দেবেন তিনি। অন্যদিকে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতীন গড়করিরও বাংলায় আসার কথা রয়েছে। সব মিলিয়ে ফেব্রুয়ারির শেষলগ্নে বাংলার রাজনৈতিক পারদ এখন ঊর্ধ্বমুখী। নদিয়া জেলা প্রশাসন ও পুলিশ ইতিমধ্যেই মায়াপুর জুড়ে নিরাপত্তার নিশ্ছিদ্র চাদর তৈরি করেছে।