মুম্বইয়ের ওরলিতে তুঘলকি কাণ্ড! আবর্জনার জমিতে বস্তিবাসীদের থাকার ব্যবস্থা? রেগে লাল হাইকোর্ট

মুম্বইয়ের ওরলিতে (Worli) বেআইনি নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল বোম্বে হাইকোর্ট। সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা নিকাশি শোধনাগারের (STP) জন্য বরাদ্দ জমিতে ট্রানজিট ক্যাম্প তৈরির অভিযোগে কড়া ক্ষোভ প্রকাশ করেছে আদালত। বিচারপতি গিরিশ এস কুলকার্নি এবং বিচারপতি আরতি এস সাথির ডিভিশন বেঞ্চ সোমবার স্পষ্ট নির্দেশ দিয়েছে, এই বিতর্কিত নির্মাণ অবিলম্বে বন্ধ করতে হবে এবং যা নির্মাণ হয়েছে তা দ্রুত ভেঙে ফেলতে হবে।
আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) বারবার চিঠি দিয়ে জানিয়েছিল যে, সংশ্লিষ্ট জমিটি নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য সংরক্ষিত। তা সত্ত্বেও বস্তি পুনর্বাসন কর্তৃপক্ষ (SRA) সেখানে ট্রানজিট ক্যাম্প তৈরির অনুমতি দেয়। আদালত একে ‘পরিকল্পিত কারসাজি’ হিসেবে অভিহিত করেছে এবং অভিযোগ করেছে যে, একজন নির্দিষ্ট প্রোমোটারকে সুবিধা পাইয়ে দিতেই সরকারি জমি এভাবে ব্যবহার করা হয়েছে।
হাইকোর্ট কেবল নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েই ক্ষান্ত হয়নি, বরং এসআরএ-র চিফ এক্সিকিউটিভ অফিসারকে (CEO) নির্দেশ দিয়েছে যাতে অভিযুক্ত ইঞ্জিনিয়ারদের এক সপ্তাহের মধ্যে বরখাস্ত করার বিষয়টি বিবেচনা করা হয়। অভিযোগ, বিএমসি-র উচ্চপদস্থ কর্মকর্তাদের আপত্তির কথা চেপে গিয়েই এই বেআইনি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। এই ঘটনায় পুলিশের তদন্তেও কোনো বাধা থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি হবে ২৩ ফেব্রুয়ারি।