বন্দে মাতরম নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের! এবার গাইতে হবে পুরো ৩ মিনিট ১০ সেকেন্ডের অফিশিয়াল ভার্সন!

জাতীয় গান ‘বন্দে মাতরম’-কে দেশজুড়ে আরও জনপ্রিয় করে তুলতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার মন্ত্রকের পক্ষ থেকে জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে জাতীয় সংগীত ‘জন গণ মন’-এর আগে ‘বন্দে মাতরম’ গাওয়া বা বাজানো বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তাই নয়, এই গানের ৩ মিনিট ১০ সেকেন্ডের একটি পূর্ণাঙ্গ অফিশিয়াল ভার্সনও অনুমোদন করেছে কেন্দ্র, যাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল রচনার ৬টি ছন্দ অন্তর্ভুক্ত রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের ১০ পৃষ্ঠার নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, পতাকা উত্তোলন, রাষ্ট্রপতির ভাষণ, রাজ্যপালদের অনুষ্ঠান এবং স্কুল অ্যাসেম্বলিতে এই গান গাওয়া যাবে। যখনই জাতীয় গানের অফিশিয়াল ভার্সন বাজানো হবে, উপস্থিত সকলকে ‘অ্যাটেনশন’ বা সাবধান মুদ্রায় দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে হবে। তবে সিনেমা বা তথ্যচিত্রের ভেতরে গানটি বাজলে দর্শকদের উঠে দাঁড়ানোর প্রয়োজন নেই, যাতে চলচ্চিত্রের প্রদর্শনে ব্যাঘাত না ঘটে।

কেন্দ্রের এই সিদ্ধান্তের নেপথ্যে একটি বড় রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। গত বছর সংসদে এই গান নিয়ে দীর্ঘ ১০ ঘণ্টার বিতর্ক হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে, স্বাধীনতার পর তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে গানের আসল অংশ ছেঁটে ফেলা হয়েছিল। প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘প্রথমে বন্দে মাতরম ভাগ হয়েছে, তারপর দেশ ভাগ হয়েছে।’ ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজেও এই গানের মহিমা তুলে ধরা হয়েছিল। এবার সেই আবেগকে আইনি প্রোটোকলের রূপ দিল কেন্দ্র। এখন থেকে স্কুলগুলিতেও দিনের কাজ শুরু হবে এই জাতীয় গান গেয়েই।