পিছু হঠল হোয়াইট হাউস? ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে মধ্যরাতে বড় রদবদল, উধাও কৃষি ও ডাল!

ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত ঐতিহাসিক বাণিজ্য চুক্তির তথ্যপত্র বা ‘ফ্যাক্টশিট’ নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। গত ৯ ফেব্রুয়ারি প্রকাশিত ওই দস্তাবেজটিতে অত্যন্ত সন্তর্পণে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে মার্কিন হোয়াইট হাউস। বিশেষ করে কৃষি পণ্য রপ্তানি এবং ডাল আমদানির বিষয়গুলি যেভাবে সরিয়ে নেওয়া হয়েছে, তাতে দুই দেশের বাণিজ্যিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
শব্দ বদলের চাল: ‘প্রতিশ্রুতি’ বনাম ‘ইচ্ছা’ সবচেয়ে আশ্চর্যজনক পরিবর্তনটি ঘটেছে ভারতের ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য ক্রয়ের বর্ণনায়। আগে যেখানে লেখা ছিল ভারত এই পণ্য কিনতে ‘প্রতিশ্রুতিবদ্ধ’ (Committed), সংশোধিত সংস্করণে সেখানে বসানো হয়েছে ‘ক্রয়ের ইচ্ছা’ (Intention to purchase)। অর্থাৎ, আইনত দায়বদ্ধতা থেকে ভারত কিছুটা সরে এল কি না, সেই প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, এই বিপুল অংকের কেনাকাটার তালিকা থেকে ‘কৃষি’ (Agriculture) শব্দটিই পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে হোয়াইট হাউস।
ডাল এবং ডিজিটাল ট্যাক্স নিয়ে ধোঁয়াশা প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, ভারত ডাল সহ একগুচ্ছ আমেরিকান কৃষি পণ্যের ওপর শুল্ক কমাবে। কিন্তু নতুন তথ্যে ‘ডাল’ বা পালস-এর উল্লেখ নেই। পাশাপাশি, ভারত যে তার বিতর্কিত ‘ডিজিটাল পরিষেবা কর’ বাতিল করবে বলে আগে দাবি করা হয়েছিল, সেই লাইনটিও সংশোধিত ফ্যাক্টশিট থেকে সরিয়ে ফেলা হয়েছে। তবে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা এবং তার বদলে শুল্ক কমানোর ট্রাম্পীয় নীতিতে কোনও বদল আনা হয়নি। আগামী মার্চ মাসে এই চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।