মার্চের শুরুতেই কি ভোটের দামামা? ২ মার্চ বাংলায় নির্বাচনের তারিখ ঘোষণা! ক’দফায় ভোট?

পশ্চিমবঙ্গের রাজনীতির পারদ এখন তুঙ্গে। এসআইআর (SIR) প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছতেই এবার রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে বড় খবর সামনে আসছে। সূত্রের খবর, আগামী ২ মার্চ বাংলার জন্য ভোট ঘোষণা করে দিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে সবথেকে বড় চমক হতে পারে ভোটের দফা কমানো। যেখানে গতবার আট দফায় ভোট হয়েছিল, এবার তা মাত্র তিন দফায় করার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে।

কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, উত্তরবঙ্গের ৮ জেলায় এক দফাতেই ভোট সেরে ফেলার চিন্তাভাবনা চলছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জন্য বরাদ্দ হতে পারে দুই দফা। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি ও নদিয়ায় প্রথম দফায় এবং মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে দ্বিতীয় দফায় ভোট হতে পারে। তবে স্পর্শকাতর ৫টি জেলা—মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, কোচবিহার এবং দক্ষিণ ২৪ পরগনার ওপর কমিশনের বিশেষ ‘ওয়াচ টাওয়ার’ নজর থাকছে।

ভোটের দফা কমানোর জন্য রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে। তবে এই পুরো বিষয়টি নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতার ওপর। পর্যাপ্ত বাহিনী পাওয়া গেলেই দফাসংখ্যা কমানোর বিষয়ে সবুজ সংকেত দেবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বর্তমানে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার এই সংক্রান্ত খুঁটিনাটি নিয়ে দিল্লির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন। শান্তি বজায় রেখে ৩ দফায় ভোট করানোই এখন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।