ইন্ডিয়া জোটে বড় ফাটল? ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থায় কেন সই করল না তৃণমূল? খোলসা করলেন অভিষেক!

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA)। মঙ্গলবার দুপুরে লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে ১১৮ জন সাংসদের স্বাক্ষর সম্বলিত এই প্রস্তাব জমা দেয় কংগ্রেস। কিন্তু এই তালিকায় নেই তৃণমূল কংগ্রেসের কোনো সাংসদের নাম। যা নিয়ে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কি স্পিকার ইস্যুতে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল?

এই ধোঁয়াশা কাটাতে মুখ খুলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, অনাস্থা প্রস্তাবে তাঁদের কোনো নীতিগত আপত্তি নেই। তবে কংগ্রেসের একক সিদ্ধান্ত এবং তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অভিষেক বলেন, “আমাদের তরফে কোনো আপত্তি ছিল না। আমরা প্রস্তাব দিয়েছিলাম যে, প্রথমে স্পিকারকে একটি চিঠি দেওয়া হোক এবং তাঁকে সংশোধনের জন্য কয়েকদিন সময় দেওয়া হোক। যদি তিনি পদক্ষেপ না করেন, তবেই অনাস্থা আনা হোক। কিন্তু কংগ্রেস সেই প্রস্তাবকে গুরুত্ব না দিয়ে একতরফাভাবে পদক্ষেপ করেছে।”

তৃণমূল সূত্রের খবর, দলের ইচ্ছা ছিল নিদেনপক্ষে ২০০ জন সাংসদের স্বাক্ষর নিয়ে জোরালোভাবে স্পিকারের আচরণের প্রতিবাদ জানানো হোক। কিন্তু কংগ্রেসের অতিসক্রিয়তায় সেই যৌথ পরিকল্পনা ভেস্তে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভায় দ্বিতীয় বৃহত্তম বিরোধী শক্তি হওয়া সত্ত্বেও তৃণমূলের পরামর্শ না মেনে কংগ্রেসের এই ‘একলা চলো’ নীতি বিরোধী ঐক্যে নতুন করে ফাটল ধরিয়ে দিল। এখন দেখার, এই অনাস্থা প্রস্তাবের ভবিষ্যৎ কী হয় এবং তৃণমূল শেষ পর্যন্ত অধিবেশনে কোন ভূমিকা পালন করে।