কানপুর ল্যাম্বরগিনি দুর্ঘটনার সিসিটিভি: ধাক্কা মেরেই পালানোর ছক! শিবমকে নিয়ে চম্পট বাউন্সারদের

উত্তরপ্রদেশের কানপুরে রবিবার হওয়া সেই ভয়াবহ ল্যাম্বরগিনি দুর্ঘটনার ঠিক আগের ও পরের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দ্রুত গতির ল্যাম্বরগিনি একটি বুলেট মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। কিন্তু চমকে দেওয়ার মতো বিষয় হল, দুর্ঘটনার ঠিক পরেই অভিযুক্ত শিবম মিশ্রকে উদ্ধার করে সরিয়ে নিয়ে যায় তাঁরই বাউন্সারেরা।

কী দেখা গেছে ভিডিওতে? ১৯ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, শিবম মিশ্রর ল্যাম্বরগিনির ঠিক আগে ও পেছনে বাউন্সার ভর্তি গাড়ি চলছিল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ভিড় জমার আগেই সামনের গাড়ি থেকে ৪-৫ জন বাউন্সার নেমে আসেন। তাঁরা দ্রুত শিবমকে ল্যাম্বরগিনি থেকে বের করে নিজেদের গাড়িতে তোলেন এবং ঝড়ের গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। শিবম কানপুরের বড় তামাক ব্যবসায়ী কে.কে. মিশ্রর ছেলে।

পুলিশের পদক্ষেপ ও ধন্দ: প্রাথমিক এফআইআর-এ শিবম মিশ্রর নাম না থাকায় বিতর্ক শুরু হয়েছিল। এ প্রসঙ্গে কানপুর পুলিশ কমিশনার রঘুবীর লাল জানিয়েছেন, অভিযোগকারী তৌফিক চালকের নাম জানতেন না, তাই তখন নাম ছিল না। কিন্তু তদন্তে স্পষ্ট হয়েছে যে শিবমই গাড়ি চালাচ্ছিলেন। বর্তমানে শিবম হাসপাতালে ভর্তি বলে তাঁর পরিবার দাবি করেছে। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে। এই দুর্ঘটনায় তৌফিক নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।