বিসিসিআই-এর চুক্তিতে বিরাট রদবদল! ‘এ প্লাস’ গ্রেড থেকে বাদ রোহিত-কোহলি, বড় প্রোমোশন শুভমন গিলের!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) বার্ষিক চুক্তিতে এল বড়সড় সংস্কার। ২০২৫-২৬ মরশুমের জন্য ৩০ জন পুরুষ এবং ২১ জন মহিলা ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছে। তবে এবারের তালিকায় সবচেয়ে বড় চমক হলো গ্রেডেশনে বিরাট রদবদল। ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ‘গ্রেড-এ প্লাস’ থেকে সরাসরি ‘গ্রেড-বি’-তে নামিয়ে দেওয়া হয়েছে।
কেন এই পদাবনতি? বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, শীর্ষ স্তরের ‘এ প্লাস’ গ্রেডে থাকতে হলে তিন ফরম্যাটেই খেলা আবশ্যক। কিন্তু রোহিত এবং বিরাট দুজনেই গত বছর টেস্ট এবং টি-২০ থেকে অবসর নিয়েছেন। বর্তমানে তাঁরা শুধুমাত্র ওডিআই (ODI) ফরম্যাটে খেলছেন। এমনকি অন্তত দুটি ফরম্যাটে না খেলার কারণে তাঁরা ‘গ্রেড-এ’-তেও জায়গা পাননি। একইভাবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে জসপ্রীত বুমরাও নেমে এসেছেন ‘গ্রেড-এ’-তে।
এবারের চুক্তিতে পুরুষ বা মহিলা কোনো দলেই ‘এ প্লাস’ ক্যাটাগরি রাখা হয়নি। ‘গ্রেড-এ’-তে পুরুষ দলের তিন স্তম্ভ— শুভমন গিল, জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা জায়গা করে নিয়েছেন। মহিলা দলের চার নক্ষত্র হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনা, জেমিমা রড্রিগেজ এবং দীপ্তি শর্মাও রয়েছেন শীর্ষ গ্রেডে। অন্যদিকে, মহম্মদ শামি, ঈশান কিষাণ ও সরফরাজ খানের মতো নামি ক্রিকেটাররা এবারের চুক্তি থেকে পুরোপুরি বাদ পড়েছেন। অভিষেক শর্মা, নীতীশ রেড্ডি ও হর্ষিত রানার মতো তরুণ তুর্কিরা প্রথমবার চুক্তিতে অন্তর্ভুক্ত হয়ে নতুন যুগের ইঙ্গিত দিয়েছেন।