কপিল সিব্বলের অসুস্থতা নাকি নতুন চাল? আই-প্যাক তল্লাশি মামলায় ফের থমকে গেল আইনি লড়াই!

ফের পিছিয়ে গেল বহুল চর্চিত আই-প্যাক (I-PAC) মামলার শুনানি। সুপ্রিম কোর্টে আজ এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে গেল। আগামী ১৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেছে দেশের শীর্ষ আদালত।

ঘটনার সূত্রপাত গত ৮ জানুয়ারি। কয়লা পাচার মামলার তদন্তে নেমে আই-প্যাকের কলকাতা অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কিন্তু সেই তল্লাশি চলাকালীন এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকে তিলোত্তমা। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তল্লাশিস্থলে পৌঁছে যান এবং সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ফাইল নিজের সঙ্গে নিয়ে আসেন।

এই ঘটনার পরই রাজ্য বনাম কেন্দ্রের সংঘাত চরমে পৌঁছায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অভিযোগ, মুখ্যমন্ত্রী নথিপত্র সরিয়ে তদন্তে বাধা সৃষ্টি করেছেন। এমনকি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘চুরি’ ও ‘ডাকাতি’র মতো গুরুতর অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। পাল্টা হলফনামা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তিনি ইডির আধিকারিকদের অনুমতি নিয়েই ফাইল ও ডিভাইস নিয়ে এসেছেন।

গত মঙ্গলবার এই হলফনামা খতিয়ে দেখার জন্য ৭ দিন সময় চেয়েছিল ইডির আইনজীবীরা। আদালত আজ, ১০ ফেব্রুয়ারি শুনানির দিন স্থির করেছিল। তবে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকায় শুনানি ফের পিছিয়ে দেওয়া হয়েছে। ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এই হাই-ভোল্টেজ মামলার ভবিষ্যৎ কী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।