বর্ধমান শহরে হাহাকার! একই চক্রের ৩০ যুবক HIV আক্রান্ত, নেপথ্যে কি সমকামিতা ও গোপন যৌনচক্র?

পূর্ব বর্ধমান জেলায় এইচআইভি (HIV) সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পরিষদের জনস্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় বর্তমানে মোট ৯০ জন এইচআইভি পজিটিভ রোগীর সন্ধান মিলেছে। এর মধ্যে সবথেকে উদ্বেগজনক বিষয় হলো, খোদ বর্ধমান শহরেরই ৩০ জন যুবক এই মারণ ভাইরাসে আক্রান্ত। সোমবার জেলা পরিষদের জনস্বাস্থ্য দফতরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, আক্রান্ত এই ৩০ জন যুবকই উচ্চশিক্ষিত এবং শহরের বেশ অভিজাত পরিবারের সন্তান। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ সমকামিতা এবং ভিন্ন যৌন চাহিদাই এই গণ-সংক্রমণের মূল কারণ। সাধারণত যৌনপল্লি বা নির্দিষ্ট কিছু এলাকায় সচেতনতা অভিযান চালানো হলেও, শিক্ষিত সমাজের অন্দরে এই ভাইরাসের হানা স্বাস্থ্যকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
এই ভয়ংকর ঘটনার সূত্রপাত হয় এক অসুস্থ যুবকের রক্ত পরীক্ষার মাধ্যমে। দীর্ঘ অসুস্থতার পর তাঁর এইচআইভি টেস্ট পজিটিভ এলে, তাঁর ঘনিষ্ঠ বৃত্তে থাকা অন্যান্য বন্ধুদেরও পরীক্ষা করানো হয়। এরপরই একের পর এক যুবকের শরীরে ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। ওয়াকিবহাল মহলের আশঙ্কা, এর নেপথ্যে কোনো বড় গোপন যৌনচক্র কাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তৎপর। আক্রান্তদের পরিচয় গোপন রেখে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নিরাপদ যৌন আচরণের বিষয়ে শহরজুড়ে বিশেষ প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।