কয়লাকাণ্ডে ইডি-র বড় ধাক্কা! লালার দুই ঘনিষ্ঠ গ্রেফতার, এবার কি জালে রাঘববোয়ালরা?

রাজ্যে কয়লা পাচার মামলার তদন্তে ফের বড়সড় মোড়। মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার অত্যন্ত ঘনিষ্ঠ দুই সহযোগীকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার দিনভর ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি মেলায় চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁ নামে দুই অভিযুক্তকে হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা। মঙ্গলবার তাঁদের বিশেষ ইডি আদালতে পেশ করা হবে।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ধৃত এই দু’জন লালা সিন্ডিকেটের সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘসময় ধরে কাজ করেছে। লালার মদতেই তারা নিজেদের বিশাল কয়লা-সাম্রাজ্য গড়ে তুলেছিল বলে ইডি-র দাবি। তবে কেবল ব্যবসায়িক দিক নয়, গত বছর নতুন করে দায়ের করা এই মামলায় এবার প্রশাসনিক যোগসূত্র বা ‘অ্যাডমিনিস্ট্রেটিভ লিঙ্ক’ খুঁজে পেতে মরিয়া তদন্তকারীরা। উল্লেখ্য, এই দুই অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি এদিনই বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকেও তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। গত সপ্তাহেই ওই পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি।

২০২০ সালে সিবিআই রেলের সাইডিং এলাকা থেকে কয়লা চুরির ঘটনায় তদন্ত শুরু করার পর আয়কর দফতর ও ইডি এই মামলায় প্রবেশ করে। অনুপ মাঝি ওরফে লালার নাম প্রকাশ্যে আসার পর থেকেই একে একে প্রভাবশালী এবং তাঁদের ঘনিষ্ঠদের জালে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। চিন্ময় ও কিরণকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করলে পাচারের লভ্যাংশ কোথায় যেত এবং প্রশাসনের আর কারা এর সঙ্গে যুক্ত, তা পরিষ্কার হবে বলে মনে করছেন ইডি আধিকারিকরা।