“আমি ঠাকুর!” জাত তুলে গ্রাহককে চরম অপমান, এইচডিএফসি ব্যাঙ্কের মহিলা কর্মীর ভিডিও ভাইরাল!

ব্যাঙ্কের কাজ গ্রাহককে পরিষেবা দেওয়া, কিন্তু উত্তরপ্রদেশের কানপুরে এক বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর আচরণে উঠেছে নিন্দার ঝড়। সম্প্রতি কানপুরের একটি এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের শাখার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আস্থা সিং নামে এক মহিলা কর্মীকে একজন গ্রাহকের সঙ্গে চরম অভব্য আচরণ করতে দেখা যাচ্ছে।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ওই মহিলা কর্মী নিজের চেয়ার ছেড়ে উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়েছেন এবং সামনে থাকা এক পুরুষ গ্রাহককে লক্ষ্য করে ক্রমাগত অশ্লীল ও আপত্তিকর শব্দ ব্যবহার করছেন। ঝগড়ার এক পর্যায়ে তিনি চিৎকার করে বলেন, “আমি ঠাকুর!” (ঠাকুর হু ম্যায়)। নিজের উচ্চবর্ণের দোহাই দিয়ে গ্রাহককে দাবিয়ে রাখার এই চেষ্টা এবং তাঁর জাত্যাভিমান দেখে হতবাক প্রত্যক্ষদর্শীরা।
সহকর্মীরা তাঁকে থামানোর চেষ্টা করলেও ওই মহিলা কর্মীকে রোখা যায়নি। তিনি ক্রমাগত তেড়ে যাচ্ছিলেন এবং গালিগালাজ করছিলেন। এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যাঙ্কের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি এবং পুলিশের কাছেও কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ওই কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।