ভোটের আগেই পুলিশে বড় রদবদল! ১৫ ফেব্রুয়ারির ডেডলাইন দিয়ে নবান্নকে কড়া চিঠি কমিশনের

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গেল। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল শেষ করতে রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত পুলিশ বদলি প্রক্রিয়া সম্পন্ন করে সেই রিপোর্ট (Compliance Report) কমিশনকে পাঠাতে বলা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর থেকে এই মর্মে স্বরাষ্ট্র সচিবকে একটি চিঠি পাঠানো হয়েছে।
সাধারণত নিয়ম অনুযায়ী, নির্বাচনের সাথে সরাসরি যুক্ত আধিকারিকরা যদি একই জেলায় তিন বছরের বেশি সময় ধরে কর্মরত থাকেন, তবে তাঁদের সরিয়ে দিতে হয়। সেই নিয়ম মেনেই জেলা পুলিশ সুপার (SP) থেকে শুরু করে ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিকদের এই রদবদলের আওতায় আনা হবে।
প্রশাসনিক সূত্রে খবর, চলতি মাসের শেষেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসতে পারে। তার আগেই নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে চাইছে কমিশন। শুক্রবারই রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে সমস্ত জেলার এসপি এবং পুলিশ কমিশনারদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যে কোনও সময় ফুল বেঞ্চ আসতে পারে, তাই রণকৌশল এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জেলাগুলিকে এখনই চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রাখতে হবে।