সেলিম-হুমায়ুন ‘গোপন’ বৈঠক ঘিরে সিপিএমে বিস্ফোরণ! পাঁচতারা হোটেলের সেই রাতে কী ঘটেছিল?

বিধানসভা ভোটের আগে বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা তুঙ্গে। সাসপেন্ডেড তৃণমূল নেতা তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের সঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বৈঠক ঘিরে এখন তোলপাড় আলিমুদ্দিন। হুমায়ুন কবীরের দাবি, তৃণমূলকে হারানোর লক্ষ্যে মহম্মদ সেলিম তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এমনকি এই নিয়ে সিপিএমের অন্দরে সমালোচনা শুরু হলেও সেলিমের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন তিনি।
হুমায়ুন কবীর আক্রমণাত্মক ভঙ্গিতে জানিয়েছেন, “সিপিএম নেতারা হয়তো জানেন না তাঁদের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম কেবল একটি পাঁচতারা হোটেলেই নয়, একাধিক জায়গায় আমার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা বৈঠক করেছেন। তিনি এখনও আমাকে আশ্বস্ত করছেন যে তৃণমূলকে হারানোর জন্য তিনি আমাদের সঙ্গে থাকবেন।” হুমায়ুনের ভবিষ্যৎবাণী, আগামী বিধানসভা নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং রাজ্য এক ‘ত্রিশঙ্কু’ বিধানসভার সাক্ষী থাকবে। তাঁর দল ১৮২টি আসনে একাই লড়াই করার ক্ষমতা রাখে বলেও হুঙ্কার দিয়েছেন তিনি।
তবে হুমায়ুন কবীরের এই দাবিকে নস্যাৎ করে দিয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। পাল্টা মেজাজে শতরূপ বলেন, “মহম্মদ সেলিম দলের ভেতর সমালোচিত হচ্ছেন, এই তথ্য হুমায়ুন কবীর কোথায় পেলেন আমরা জানি না। আমি মহম্মদ সেলিমের দল করি, আমার কাছে এমন কোনো খবর নেই।” শতরূপ স্পষ্ট করে দেন যে, মহম্মদ সেলিম কাকে কী বলেছেন তা জানার জন্য হুমায়ুন কবীরের মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন নেই বাংলার মানুষের। যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে, তাদের সিপিএম সম্পর্কে কোনো ধারণাই নেই বলে কটাক্ষ করেন তিনি।